গ্রামবাসীকে হত্যা মামলায় ফাঁসিয়ে ঈদগার জমি দখল!
হবিগঞ্জ সদর উপজেলায় হত্যা মামলায় গ্রামবাসীকে ফাঁসিয়ে ঈদগার জমি দখলের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, গ্রেপ্তার আতঙ্কে গ্রামের বাসিন্দারা বাড়িছাড়া হওয়ার সুযোগে মামলার বাদী ফুল মিয়া ঈদগার জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। এ ছাড়া বাড়িঘরে হামলা-লুটপাটও হয়েছে। থানায় অভিযোগ দিয়েও তাঁরা প্রতিকার পাচ্ছেন না।গ্রামবাসীর ভাষ্যমতে, হবিগঞ্জ সদরের আউরা গ্রামের দেওকুরা মৌজায় ব্যক্তিমালিকানাহীন ৭৪ শতক জমিতে একটি ঈদগা ও কবরস্থান রয়েছে। সম্প্রতি গ্রামের বাসিন্দারা ওই ঈদগা সম্প্রসারণের কাজ শুরু করেন। তবে একই গ্রামের বাসিন্দা ফুল মিয়া সেখানে তাঁর ছয় শতক জমি রয়েছে—দাবি তুলে সম্প্রসারণের কাজে বাধা দেন। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে এক সাংসদের মধ্যস্থতায় সালিস বসে। সালিসে ফুল মিয়াকে ওই জায়গার দাবি ছাড়তে অনুরোধ করা হয়। কিন্তু তিনি মানেননি। পরে তিনি ঈদগার জায়গায় স্থাপনা তৈরির চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেন। এরপর হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় সালিস বসে। এ সালিসেও ফুল মিয়াকে জমির দাবি ছাড়তে অনুরোধ করা হয়। তা-ও তিনি মানেননি।গত ২ আগস্ট রাতে ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে ফুল মিয়া পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ফুল মিয়ার মা কুটিজান বিবি (৮০) নিহত হন। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ৮ আগস্ট ফুল মিয়া ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তবে গ্রামবাসীর দাবি, খুনের ঘটনায় তাঁদের সম্পৃক্ততা নেই। ‘বিনা অপরাধে’ তাঁদের ফাঁসানো হয়েছে। এদিকে গ্রেপ্তার এড়াতে গ্রামের বাসিন্দারা পালিয়ে বেড়াচ্ছেন। এ সুযোগে ফুল মিয়ার লোকজন ঈদগার জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি নবর্নিমিত গম্বুজ ভেঙে ঈদগার অস্তিত্বই বিলীন করে দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আউরা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া অভিযোগ করেন, প্রতিদিন কারও না কারও বাড়িঘরে হামলা হচ্ছে। গাছপালা কেটে নেওয়া হচ্ছে। গৃহপালিত পশু লুট করাসহ ঘরবাড়ির ক্ষতিসাধন করা হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে ফুল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই জায়গার মালিক আমি।’ সেখানে কোনো ঈদগা ছিল না বলেও দাবি করেন তিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমুদুল বলেন, জায়গাটি ব্যক্তিমালিকানাধীন নয়। সালিসের সিদ্ধান্ত ছিল, জায়গাটি গ্রামবাসীর অনুকূলে থাকবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে খুন-খারাবি ঘটায়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বের করতে তদন্ত চলছে। ঈদগা দখল ও আসামিদের বাড়িঘরে লুটপাটের অভিযোগ তিনি পাননি বলে জানান।