গ্রামবাসীর অর্থ-শ্রমে পিয়াইন নদে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম থেকে বেরোতে গেলেই পিয়াইন নদ পাড়ি দিতে হয়। বর্ষাকালে নৌকায় পার হওয়া সহজ। কিন্তু শুকনা মৌসুমে পড়তে হয় বিড়ম্বনায়। কম পানিতে নৌকা চলে না। গ্রামবাসীর প্রয়োজন একটি সেতুর। দেড় যুগ ধরে সেতুর দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। তাই গ্রামবাসী চাঁদা তুলে নির্মাণ করছেন সেতু।
উদ্যোগী মানুষের এ গ্রামের নাম লামনি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর এক-তৃতীয়াংশ কাজ প্রায় শেষ। সেতুর সঙ্গে সংযোগ সড়কের কাজ চলছে। ছয় সদস্যের একটি কমিটি করে সেতুর কাজ তদারক করা হচ্ছে। গ্রামের বাসিন্দা ১২০ পরিবারের মধ্যে যাঁরা সেতু নির্মাণের জন্য টাকা দিতে পারেননি, তাঁরা শ্রম দিয়েছেন।
গ্রামবাসী জানান, পিয়াইন নদের ওপর সেতু নির্মাণের দাবি প্রথম উঠেছিল ১৯৯৬ সালে। ‘লামনি প্রগতি সংঘ’ নামে একটি সংগঠন গড়ে দাবিটি তোলা হয়েছিল। লামনি গ্রামের মুখে সেতু হলে পেছনে আরও ছয়টি গ্রাম ও সামনে হাদারপাড় নামে আরেকটি গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ-সুবিধার কথা বলা হয়েছিল। ১৮ বছর ধরে দাবি জানিয়েও কাজ হয়নি। তাই স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করে গ্রামবাসী উদ্যোগী হন সেতু নির্মাণে।
গত বছরের শুরুর দিকে ছয়জনের একটি কমিটি করা হয়। এ কমিটিতে লামনি গ্রামের প্রবীণ সিকান্দর আলী, আবদুর রহিম, আতিকুর রহমান, ইউনুস আলী ও আবদুল মান্নানকে রাখা হয়। কমিটির সদস্য ইউনুস আলী বলেন, গ্রামের অবস্থাসম্পন্ন পরিবারগুলোর ওপর ধার্য করে দেওয়া হয় টাকা। পাশাপাশি প্রবাসী আত্মীয়স্বজনকেও টাকা দিতে বলা হয়। এভাবে এক বছরে প্রায় ৩০ লাখ টাকা সংগ্রহ হয়। এ বছরের শুরুর দিকে সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয়। ১ ফেব্রুয়ারি থেকে নির্মাণকাজ শুরু করে সেতুর এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুর সর্বশেষ পর্যায়ের কাজ শুরুর পরিকল্পনায় ব্যস্ত ছয় সদস্যের কমিটিসহ গ্রামের কয়েকজন। সেতু দিয়ে চলাচল শুরু হলে সড়কও দরকার। তাই উত্তর দিকের সংযোগ-সড়ক হাদারপাড় সড়কের সঙ্গে মেলাতে সেখানেও স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কিছু অর্থ বরাদ্দ নিয়ে বাকিটা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন গ্রামবাসী। সেতু হলে পরে দুই দিকের রাস্তার মাটি ভরাটের কাজ স্বেচ্ছাশ্রমে করে উপজেলা পরিষদের কাছে তা পাকা করার দাবি জানানো হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘উপজেলা প্রকৌশল বিভাগ ও ব্যক্তিগতভাবে সহায়তা দিয়ে আমিও গ্রামবাসীর উদ্যোগের একজন সঙ্গী হয়েছি।’