গ্রামবাসীর ওপর পুলিশ নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিংলাবো গ্রামে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে কয়েকজন গ্রামবাসী এ অভিযোগ করে বলেন, হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশও ছিল। সিংলাবো গ্রামের বাসিন্দা মো. সুমন, তাঁর মা সালেহা বেগম ও মাইনুদ্দিন গতকাল দুপুরে সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে তাঁরা অভিযোগ করেন, ঢাকার ব্যবসায়ী সালেহ আহমেদ কয়েক বছর আগে সিংলাবো গ্রামে ৪১ বিঘা জমি কেনেন। কিন্তু স্থানীয় কয়েকজন সন্ত্রাসী জাল দলিল করে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে মামলা চলছে। গ্রামবাসী ওই ব্যবসায়ীর পক্ষে সাক্ষ্য দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে কয়েকবার তাঁদের ওপর হামলা চালায়।গ্রামবাসী অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় মুজিবর রহমান, ইমান আলী, সমাদ, মোস্তফা ও বদরউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমাসের নেতৃত্বে পুলিশের পাঁচ সদস্যদের একটি দল সন্ত্রাসীদের সঙ্গে ছিল। সন্ত্রাসীরা সুমন মিয়া, সালেহা বেগম, মাইনুদ্দিন, মোস্তফা, ইয়াকুব মোল্লা, মোতালেব, আলাউদ্দিনসহ কমপক্ষে ১৫ জনকে লাঠিপেটা করে আহত করে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গতকাল দুপুরে সন্ত্রাসীরা আবার পুলিশ সদস্যদের নিয়ে গ্রামে ঢোকে। তারা সালেহ আহমেদের জমিতে টাঙানো সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় সোনারগাঁ থানার এসআই মো. আলমাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল।এ ব্যাপারে ব্যবসায়ী সালেহ আহমেদ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র আমার জমি দখল করার চেষ্টা করছে। গ্রামবাসী আমার পক্ষ নেওয়ায় তাঁদের ওপর দফায় দফায় হামলা করে ও পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।’হামলার সময় উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে এসআই আলমাস বলেন, ‘আসামি ধরতে ওই গ্রামে গিয়েছিলাম। গ্রামবাসীর ওপর হামলার বিষয়টি আমি জানি না।’এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, একটি মামলার আসামি গ্রেপ্তার করে পুলিশ ওই গ্রামে গিয়েছিল। নিরীহ কোনো মানুষকে হয়রানি করা হয়নি।