গ্রামবাসীর চেষ্টায় অপহৃত ব্যবসায়ী মুক্ত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত একজন ব্যবসায়ীকে উদ্ধার ও এক বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খুলনার কয়রা থানার পুলিশ সাতালিয়া গ্রাম থেকে আরও এক দস্যুকে আটক করে।
ব্যবসায়ীর নাম বেল্লাল হোসেন (২৭)। তিনি যশোরের চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের হায়দার আলীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল এলাকার নিহার আলী শেখ (৩০) এবং সাতালিয়া গ্রামের মো. খানজাহান আলী (৪০)।
বেল্লাল হোসেন বলেন, তাঁর ধানের চাতালে শ্রমিক দেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ হয় নিহার আলী শেখের সঙ্গে। সেই অনুযায়ী তিনি ১৫ হাজার টাকা নিয়ে গত রোববার সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন-সংলগ্ন বটকূপ এলাকায় যান। সেখানে যাওয়ার পর নিহার আলী শেখের নেতৃত্বে দস্যুরা তাঁর হাত-পা বেঁধে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তাঁকে দিয়ে মা-বাবার কাছে ফোন করান যে পাঁচ লাখ টাকা না দিলে সুন্দরবনের আলিম বাহিনী তাঁকে খুন করবে। তাঁর বাবা বিকাশের মাধ্যমে দস্যুদের কাছে ৩৫ হাজার টাকা পাঠান এবং বাকি টাকা কয়েক দিনের মধ্যে দেওয়ার অঙ্গীকার করেন।
গতকাল দস্যুরা খাবার ও ট্রলারের তেল কিনতে আশাশুনিতে সুন্দরবন-সংলগ্ন খোলপেটুয়া নদীর খাজরা এলাকায় নামে। এ সময় অপহৃত বেল্লাল চিৎকার শুরু করলে গ্রামবাসী ট্রলারটি আটক করতে এগিয়ে যান। অবস্থা বেগতিক দেখে দস্যুরা বেল্লাল নামিয়ে দিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায়। তেল ও খাবার কিনতে যাওয়া নিহার আলী শেখকে পরে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহারের কাছ থেকে পাওয়া তথ্য আশাশুনি থানার পুলিশ কয়রা থানার পুলিশকে জানায়। এরপর কয়রার সাতালিয়া গ্রাম থেকে খানজাহান আলীকে আটক করা হয়।
নিহার আলী শেখ থানাহাজতে সাংবাদিকদের বলেন, তিনি সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনীর সদস্য। তাঁরা মুক্তিপণের দাবিতে কৌশলে বিভিন্ন ব্যবসায়ীকে ডেকে এনে অপহরণ করেন।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে জানতে নিহার আলী শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।