গ্রামবাসীর জমি দখল করে আ.লীগ নেতার ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা ও তাঁর ভাই মোয়াজ্জেম রশিদীর বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলায় গ্রামবাসীর জমি দখল করে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে সেখানে সাত দিনের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের শালতা নদীর পশ্চিম পাশে তেলিখালী গ্রামে ১৬ একর ৬৮ শতাংশ জমিতে মোস্তফা রশিদী ও তাঁর ভাই গত ফেব্রুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ‘এসকেএস’ ও ‘এমআরডি’ নামের দুটি ইটভাটা তৈরির কাজ শুরু করেন। এরপর তাঁরা গ্রামের কিছু দালালের মাধ্যমে গরিব-অসহায় ও সংখ্যালঘু লোকজনের কাছ থেকে বেশি টাকার লোভ দিয়ে আরও বেশ কিছু জমি কেনেন। পর্যায়ক্রমে তাঁরা ওই জমিসহ আশপাশের বিপুল পরিমাণ জমি ধীরে ধীরে দখল করে মালিকদের বিক্রি করতে বাধ্য করছেন। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে অনেককে এলাকাছাড়া করা হয়।শেষ পর্যন্ত এলাকার কিছু লোকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার দুপুরে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের কথা শোনেন।ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর প্রায় পাঁচ একর জমি ভাটামালিকেরা রাতের আঁধারে বেদখল করে নিয়েছেন। প্রতিবাদ করায় ১ আগস্ট ভাটার ব্যবস্থাপক বিনয় মণ্ডল তাঁকেসহ পাঁচ জনকে আসামি করে থানায় চাঁদাবাজির মামলা করেন। তেলিখালী গ্রামের রঞ্জন রায় অভিযোগ করেন, ভাটাসংলগ্ন তাঁর অল্প জমিতে চাষাবাদের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। সেটাও বেদখল করে নিয়েছেন ভাটামালিকেরা। রেনাকা রায় অভিযোগ করেন, তাঁর প্রায় দেড় বিঘা জমি বেদখল করার পর ভাটামালিকেরা দালালের মাধ্যমে ভয় দেখিয়ে তা বিক্রি করতে বাধ্য করেছেন। দরিদ্র বিধবা হেমলতা রায় বলেন, ‘আমার একমাত্র সম্বল ২৫ শতাংশ জমি ভাটা-আলারা দখল করে স্যানে মাটি ফ্যালেছে। এহন আমি ধান লাগাব কনে? আর সারা বছর খাবানি কী? আপনারা আমারে বলে দেন।’অভিযোগের ব্যাপারে মোস্তফা রশিদী সুজা বলেন, ‘জমি কিনতে আমি কারও বাড়ি যাইনি বা কোনো জোর জবরদস্তির প্রশ্নই ওঠে না। প্রথমে ১৬ একর জমি কিনে ইটভাটা শুরু করি। পরে বাজারদরেও বেশি মূল্য দিয়ে ৪১ একর জমি কিনি। আরও পাঁচ একর জমি নিবন্ধনের অপেক্ষায় আছে। এখানে একটা ঘটনা ঘটেছে, একটা জমি কেনার পর অন্য একজনের জমি কিনে দেখা গেছে, এর মধ্যে আরও একজনের জমি রয়েছে। ইটভাটার অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি।’ইউএনও কামরুল হাসান বলেন, ১৩ আগষ্টের মধ্যে সংশ্লিষ্ট জমির মালিকদের দলিলপত্র ইউএনও কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। তার আগ পর্যন্ত উভয় পক্ষকে ইটভাটার জমিতে সাত দিনের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।নারায়ণ চন্দ্র চন্দ্র বলেন, জমি বেদখল হয়ে থাকলে তা মুক্ত করা হবে। জনগণের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হবে না। জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ বলেন, জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। এখন কেউ যদি সেবার পরিবর্তে জমি দখল করে, তাহলে জনগণ তার পেছনে থাকবে না।পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ওই ইটভাটার অনুমোদনের জন্য করা আবেদন তদন্ত করে দেখা হচ্ছে।