
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় সাংসদ-সব পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সেনগ্রামবাসীর দাবি ছিল একটাই। সেটি হলো, গ্রামের লোকজনের চলাফেরার জন্য ব্যবহৃত একমাত্র কাঁচা সড়কটি পাকা করা। বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু নির্বাচন শেষে তা আর বাস্তবায়িত হয়নি।
এভাবেই গেছে বছরের পর বছর। ত্যক্ত-বিরক্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেই ক্ষোভ থেকে নিজেরাই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন। সামর্থ্য অনুযায়ী চাঁদা দিলেন প্রত্যেকেই। এরপর কোনো শ্রমিক নিয়োগ না দিয়ে নিজেরাই নেমে গেলেন রাস্তা তৈরিতে। এ কাজে যোগ দিলেন ছোট-বড় থেকে শুরু করে ধনী-গরিব, উচ্চপদস্থ পেশাজীবী, ছাত্র-শিক্ষক সবাই।
স্থানীয় বৈরাগীবাজার হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবল চন্দ্র পাল (৬৬) জানান, ১০ লাখ টাকা ব্যয়ে সোয়া এক কিলোমিটার দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। গত বছরের অক্টোবরে কাজ শুরু হয়েছিল, মাঝখানে ধান কাটার জন্য সাময়িক বিরতি দিয়ে আবার ডিসেম্বরের মাঝামাঝি থেকে কাজ শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করছেন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পালা করে গ্রামের লোকজন নির্মাণকাজ চালাচ্ছেন। প্রবীণ ব্যক্তিরা রাস্তা নির্মাণে তদারকি করছেন এবং তরুণ ও মধ্যবয়স্করা কাজ করছেন। সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কর্ণ পাল বলেন, ‘বাপ-চাচারা মিলে রাস্তা নির্মাণের মতো একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। নিজের বাড়ির রাস্তা মনে করে আমরাও কলেজে যাওয়ার আগে নির্মাণকাজে অংশ নিচ্ছি।’
সেনগ্রামের প্রায় সাড়ে তিন শ লোকের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তাটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে রাস্তাটির উদ্বোধন ঘোষণা করা হবে। গ্রামের কয়েকজন জানান, উপজেলার বড়চক, নখিয়ারচক, সেনগ্রাম, বারোগ্রাম ও রায়বান গ্রামের অন্তত পাঁচ হাজার লোক ‘সেনগ্রাম রাস্তা’ দিয়ে প্রতিদিন উপজেলা সদরের বিভিন্ন এলাকাসহ সিলেট নগরে চলাচল করেন।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সেনগ্রাম রাস্তা পাড়ি দিয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে বৈরাগীবাজার হাইস্কুল, সুনামপুর দাখিল মাদ্রাসা, সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করারিয়া কওমি মাদ্রাসাসহ বিভাগীয় শহরে অবস্থিত কলেজগুলোতে যেতে হয়। কাঁচা রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে পথ চলাচলে শিক্ষার্থীসহ পাঁচ গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্তা হলধর চন্দ্র পাল বলেন, ‘কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু কেউ রাস্তাটি পাকা করার উদ্যোগ নেননি। তাই ক্ষোভ থেকে নিজেরাই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।’
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউপির চেয়ারম্যান সুলেইমান হোসেন জানান, এলাকার মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি নির্মাণের জন্য একাধিকবার প্রকল্প-প্রস্তাবও গ্রহণ করা হয়েছিল। স্থানীয় সাংসদকেও এলাকাবাসী বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু বরাদ্দের অভাবে রাস্তাটি নির্মিত হয়নি। এখন গ্রামবাসীর উদ্যোগে রাস্তাটি নির্মিত হওয়ায় স্থানীয় লোকজনের দুর্ভোগ অনেকটাই দূর হবে।
তবে স্থানীয় সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি নির্মাণে এলাকাবাসীর দাবির বিষয়টি আমার জানা ছিল না।’