গ্রামবাসীর দ্বন্দ্ব, পরীক্ষা দিতে পারছে নাশিক্ষার্থীরা
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ও তিরাইল গ্রামবাসীর দ্বন্দ্বে ফেঁসে গেছে বিষ্ণপুর-ইটালি আদর্শ উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। ইটালি গ্রামবাসীর বাধায় তিরাইলের এসব শিক্ষার্থী প্রতিপক্ষের ওই গ্রামে অবস্থিত তাদের বিদ্যালয়ে গত সোমবার ও গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এলাকাবাসী জানান, ১৫ জুন রাতে ইটালি গ্রামের কাটালগাড়ী নামক স্থানে ডাকাত সন্দেহে তিরাইলের জয়নুল হোসেন (২৬), বাবুল হোসেন (২৮), আশরাফুল ইসলাম (২৫) ও আরিফুল ইসলাম (৩৫) নামের চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। পরদিন দুই গ্রামের লোকজনের সমঝোতার ভিত্তিতে ওই যুবকদের ছেড়ে দেয় পুলিশ। কিন্তু এ ঘটনায় ইটালি ও তিরাইল গ্রামবাসীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম তিরাইল গ্রামবাসীর পক্ষ নেন।
শিক্ষার্থী তানিয়া, শ্যামলী ও লাবনী জানায়, ইটালি গ্রামের লোকজন তাদের গ্রামের লোকজনকে মারপিট করায় তাদের গ্রামেরপ্রধানেরা আর ইটালি গ্রামের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তাদের পরীক্ষায়ও অংশ নিতে নিষেধ করা হয়েছে। কেউ ইটালি গ্রামের বিদ্যালয় বা বাজারে গেলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে ভয় দেখানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এই পরিস্থিতিতে গত রোববার পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। তবে সোম ও মঙ্গলবার পরীক্ষা হয়েছে। কিন্তু তিরাইলের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়নি।
ইউপি চেয়ারম্যান জহুরুল বলেন, ‘আমার বাড়ি তিরাইলে হলেও ইউনিয়ন তো একই। তাই চেয়ারম্যান হিসেবে কোনো গ্রামের প্রতিই আমার ক্ষোভ নাই। তিরাইল গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ছেলেমেয়েদের ইটালি স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি কাউকে স্কুলে যেতে নিষেধ করিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, কেউ এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।