গ্রামবাসীর নির্মিত বাঁধেও ভাঙন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেঙে যাওয়া বেড়িবাঁধের পাশে নির্মাণ করা রিং বাঁধের ৫০ ফুট এলাকা গতকাল মঙ্গলবার প্রবল জোয়ারের তোড়ে ভেঙে গেছে।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নয় শতাধিক গ্রামবাসী বালুর বস্তা ও বাঁশ-খুঁটি দিয়ে দুই দিন ধরে কাজ করে বাঁধ নির্মাণ করার পর তা ভেঙে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলার আঠুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দুই দিন ধরে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের জন্য গ্রামবাসী টানা কাজ করে। মঙ্গলবার ৮০০ ফুট লম্বা একটি রিং বাঁধ নির্মাণ শেষ হয়। এক ঘণ্টা পর বেলা একটার দিকে রিং বাঁধের একাংশ ভেঙে যায়।
শ্যামনগরের মাদিয়া গ্রামের তপন মণ্ডল বলেন, ‘রিং বাঁধ সব বাঁধার পর যখন ভেঙে গেল, তখন আমাগো কুপালে দুর্গতি নয়েছে। বাঁধা হবে বুলে মনে হতেশে না।’ বুড়িগোয়ালিনী ও আঠুলিয়ার ইউনিয়নের সংযোগস্থল আড়পাঙ্গাশিয়া-মাদিয়া এলাকার খোলপেটুয়া নদীর উপকূল রক্ষাবাঁধের ৫০০-৬০০ ফুট গত রোববার নদীতে বিলীন হয়। প্লাবিত হয়েছে ১৬টি গ্রাম। এতে ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৫০টি বাগদা চিংড়িঘের ও ৫২০টি পুকুর ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন জানান, চিংড়িঘেরের অবকাঠামো নষ্ট, বাগদা ও সাদা মাছ মিলিয়ে ৫ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
শ্যামনগর পাউবোর শাখা কর্মকর্তা নিখিল দত্ত জানান, ইতিমধ্যে মূল বাঁধ সংস্কারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম জানান, রিং বাঁধ দেওয়ার পর এর একটি অংশ ভেঙে গেছে। আজ বুধবার সকাল থেকে তা মেরামতের চেষ্টা করা হবে।