গ্রামবাসীর ফল-ফসলে ভাগ বসাচ্ছে বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দক্ষিণ পাশে হঠাৎই চোখে পড়ল একটি বানর ঝোপের ফাঁকে চুপচাপ বসে আছে। বানরটির দিকে তাকাতেই দৌড়ে ঝোপের ভেতর চলে যায়। একই রাস্তার উত্তর পাশে কাঁঠালগাছের নিচে দেখা গেল আরেকটি। বানরটির দিকে এগিয়ে গেলে সে-ও একলাফে গাছের ডালে উঠে যায়। মুখ বাড়িয়ে ভেংচি কাটে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের হাতলিয়া গ্রামে এখন এ রকম শত শত বানরের দেখা মিলছে। প্রায় চার-পাঁচ বছর ধরে এসব বানর এই গ্রামে থাকছে। ভাগ বসাচ্ছে গ্রামবাসীর ফল-ফসল ও সবজিতে। ফসল রক্ষায় বানরের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলা চলছে গ্রামবাসীর।
এ বিষয়ে পশ্চিম হাতলিয়া গ্রামের নুরুল আলম বলেন, ‘পাঁচ-ছয় বছর ধরে তিনটা পাল (দল) আমরার গ্রামটারে শেষ করিলার। ৪০০ থেকে ৫০০ বানর ধান, ঝিঙা, উড়ি (শিম), কাঁঠাল, কদু, আম, লিচু, কমলা খাইয়া নষ্ট করছে।’ এ সময় দোকান থেকে এনে শিকারের একটি ‘কেটি’ দেখালেন (গাছের ডাল ও টায়ারের রাবার দিয়ে বানানো বিশেষ রকম শিকারের যন্ত্র)। এই কেটিতে বানর তাড়াতে গুলতি (পাথরের টুকরো) ছুড়ে মারা হয়। এতে কিছু কাজ হয়। বানররা জায়গা ছেড়ে অন্যদিকে ছুটে যায়।
একই গ্রামের আবদুর নূর বলেন, ‘বানরে আমরার কোনো কিছু রাখে না। বেশি ধানের ক্ষতি করে। ঘরের চালে উঠে লাফালাফি করে। সব বাড়িতেই যায়। সবকিছু খাইয়া সাবাড় করে। এমনকি ঘরের ভিতর ঢুকে ভাতের ডেগ লই যায়গি।’
পশ্চিম হাতলিয়া গ্রামের ভেতর ঢোকার পর বানরের বাঁদরামির আরও তথ্য-উপাত্ত দিলেন লোকজন। গ্রামের তানভীর আহমদ বলেন, ‘সকালে ঘুম ভাঙে চালের মধ্যে তারার (বানরের) লাফালাফিতে। দিনে বন-জঙ্গলে ঘুরে বেড়ায়।’
পশ্চিম হাতলিয়া গ্রামের আব্দুল আজিজ বলেন, ‘একেবারে ধানেউনে (ধানসহ) কিচ্ছু রাখের না। ধানের পাতা, কলার মোচা, কচুমুখী পর্যন্ত খায়।’ তিনি তাঁর কাঁঠালগাছগুলো দেখিয়ে বলেন, সেদিন সকালবেলাও তাঁর বাড়িতে ২০০ থেকে ৩০০ বানর ছিল। ছোবড়া করে ফেলে যাওয়া কাঁচা কাঁঠাল কুড়িয়ে এনে দেখাল বাড়ির পঞ্চম শ্রেণির ছাত্র রায়হান আহমদ। সে (রায়হান আহমদ) বলে, ‘বাড়ির ভিতর এসে ঘরের বারান্দা পর্যন্ত চলে আসে। কামড় দেয় না। তবে ধমক দেয়। আমরার ডর লাগে।’
ব্যবসায়ী কয়েস আহমদ প্রথম আলোকে বলেন, ‘আগে এই বানরগুলো ধামাই বাগানে ছিল। বাগানের গাছ কেটে ফেলায় বানরগুলো খাবারের সন্ধানে গ্রামে এসে হানা দিয়েছে। বানরগুলো গ্রামের একদিকে থাকে ১৫ দিন। ওদিকে আর খাওয়ার কিছু থাকে না। তখন দিক পরিবর্তন করে।’
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, ‘হাতলিয়া থেকে এখন আমার গ্রাম পূর্ব হাতলিয়া পর্যন্ত বানরের দল এসেছে। হাতলিয়া, পূর্ব হাতলিয়া ও পশ্চিম হাতলিয়া এ তিন গ্রামেই বানরের উৎপাত চলছে। এক-দুই দিন পরপর তারা স্থান পরিবর্তন করে। বন বিভাগকে জানিয়েছি। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো সম্প্রতি বলেন, ‘জায়গাটি সিলেট বন বিভাগের আওতায়। তা ছাড়া এখানে আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই। বনাঞ্চলে বট, ডুমুর ইত্যাদি বানরের খাদ্য যেগুলো তা লাগানো দরকার। বিষয়টি নিয়ে সিলেট বন বিভাগের সঙ্গে কথা বলব।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে বন্য প্রাণী বিভাগের বিভাগীয় কর্মকর্তা আমার সঙ্গে আলাপ করেছেন। আমরা ঠিক করেছি জাম, ডেউয়াসহ যেসব ফল বানরের বা পশুখাদ্য, তা এখনই সরকারিভাবে সম্ভব না হলেও স্থানীয় উদ্যোগে আশপাশের বনে লাগানো হবে। সরকারিভাবেও চেষ্টা করব বানরগুলো রক্ষায় কী পরিকল্পনা নেওয়া যায়।’