গ্রামবাসীর বাধার মুখে লালন উৎসব বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গ্রামবাসীর বাধার কারণে দুই দিনব্যাপী লালন উৎসব অনুষ্ঠিত হতে পারেনি। উপজেলার খামার বড়ধুল গ্রামের ফকির হবিবর শাহ্র বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷
অনুষ্ঠানের আয়োজক ফকির হবিবর শাহ্ অভিযোগ করেন, ১২ বছর ধরে তাঁর বাড়িতে ব্যক্তি উদ্যোগে ৩০ ও ৩১ বৈশাখ লালন উৎসবের আয়োজন করে আসছেন৷ এই উৎসবে গ্রামের প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাওয়াত করা হয়৷ এবারও দাওয়াত করা হয়েছে৷ অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে গ্রামের মঞ্জুর আলম ও তুজাম মিয়ার নেতৃত্বে ইমাম ওসমান গণি এই উৎসব না করার নির্দেশ দেন৷ বিবাদ ও মারামারি এড়াতে অনুষ্ঠান বন্ধ রাখা হয়৷ ফলে বিভিন্ন জেলা থেকে অনেক সাধু সন্ন্যাসী অনুষ্ঠানে আসতে পারেননি। যাঁরা এসেছিলেন তাঁরাও বাধ্য হয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে গ্রামের মুঞ্জুর আলম, তুজাম মিয়া ও ইমাম ওসমান গণির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, হবিবর ফকির তাঁর বাড়িতে যে অনুষ্ঠানের আয়োজন করে এটি ইসলামবিরোধী অনুষ্ঠান। গান-বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে এলাকার মানুষের ঘুম হারাম করে ফেলে। শরিয়তবিরোধী কর্মকাণ্ড চলে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের নেতাদের নিয়ে বসার কথা বলা হয়েছে।