গ্রামবাসীর বাধায় সেতুর নির্মাণকাজ বন্ধ, পরে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার পাগলাপাড়া গ্রামে সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার গ্রামবাসী আড়াই ঘণ্টা কাজ বন্ধ করে রাখেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আবার কাজ শুরু হয়।

গ্রামটির কয়েকজন বলেন, ঝাউগড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে পইরবাড়ী-টগারচর রাস্তায় সেতু নির্মাণ করা হচ্ছে। এ কাজে নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া কাজে রডও সিমেন্ট কম দেওয়া হচ্ছে। তাই সেতুটি ভালোভাবে নির্মাণের অনুরোধ করেন গ্রামবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান তা না শোনায় গতকাল সকাল নয়টার দিকে গ্রামের লোকজন সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দেন। খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেখানে গিয়ে ভালোভাবে কাজ করার আশ্বাস দেন গ্রামবাসীকে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণকাজ শুরু হয়।

পিআইওর কার্যালয় সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর দৈর্ঘ্য ১৮ মিটার ও প্রস্থ ৪ মিটার। এটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৫২ লাখ টাকা। কার্যাদেশ পাওয়ার পর গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটির নির্মাণকাজ শুরু করে মেসার্স তরফদার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী এপ্রিলে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্রিজটি যথানিয়মে নির্মাণ করা হচ্ছে। স্থানীয় কিছু বখাটে চাঁদা দাবি করেছিল। তাদের টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।’

পাগলাপাড়া গ্রামের কামাল মণ্ডল বলেন, ‘সেতুতে রড ও সিমেন্ট কম দেওয়া হচ্ছে। ময়লাযুক্ত পাথর, বালুসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বলা হয়। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে আরও খারাপ ব্যবহার করেন। পরে আমরা কাজ বন্ধ করে দিই। ব্রিজ নির্মাণের সংশ্লিষ্ট কর্মকর্তা এসে ভালোভাবে কাজ করার কথা বলায় আমরা চলে যাই।’

মেলান্দহে অতিরিক্ত দায়িত্বে থাকা মাদারগঞ্জের পিআইও মো. আলাল উদ্দিন বলেন, ‘ব্রিজটির কাজ বন্ধের খবর শুনে সেখানে যাই। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়ে গ্রামবাসীকে ভুল বোঝানো হয়েছিল। তবে ময়লাযুক্ত পাথর ব্যবহার না করার ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।’