গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে নালা (ড্রেন) নির্মাণের প্রতিবাদ করায় গ্রামের তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন এক ঠিকাদার। ৩০ জুন উপজেলার আমরুলবাড়ী গড়ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু তালেব বলেন, ‘নিম্নমানের ইট দিয়ে নালা নির্মাণের সত্যতা পেয়ে ঠিকাদারকে তা তুলে ফেলে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছি।’ তবে তিনি দাবি করেন, ভারী বর্ষণের কারণে নালার কিছু অংশ ধসে পড়েছে। গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে ওই ঠিকাদারের চাঁদাবাজির মামলা দায়ের করার বিষয়ে তিনি বলেন, মামলা দিয়ে ঠিকাদার নিজের ভুল বুঝতে পেরেছেন। মামলা তুলে নিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, ‘জনস্বার্থের কারণে এবং রাজনৈতিক চাপে ওই মামলার আসামি ধরতে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। তবে বিষয়টি মীমাংসা হচ্ছে বলে শুনেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ওই গ্রামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নালা নির্মাণের অভিযোগ ২৩ জুন পেয়ে তা তদন্ত করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী গড়ডাঙ্গীপাড়া গ্রামের পানিনিষ্কাশনে ৫২ মিটার নালা নির্মাণের জন্য ২০১৩-১৪ অর্থবছরে এডিপি এক লাখ ৪২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতিন এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করেন বদরগঞ্জের ঠিকাদার বিশ্বজিৎ বিশ্বাস। তিনি ৩০ জুন নালা নির্মাণের কাজ শেষ করেন।
গ্রামবাসীর অভিযোগ, নালা নির্মাণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করার প্রতিবাদ করায় ৩০ জুন রাত সোয়া নয়টার দিকে ঠিকাদার বিশ্বজিৎ বিশ্বাস গ্রামের ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ওই গ্রামে নালা নির্মাণ করতে গেলে এলাকার মোসলেম উদ্দিন (৫৫), মোক্তারুল ইসলাম (৫০) ও মওলানা কাজী আবু মুছা (৬০) ঠিকাদারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামিরা ৩০ জুন সকাল নয়টার দিকে বদরগঞ্জ উপজেলার এলজিইডির সহকারী প্রকৌশলী মাজেদুর রহমানের উপস্থিতিতে নির্মাণকাজে বাধা দেন এবং মিস্ত্রি ও শ্রমিকদের মারধর করে নালা ভেঙে দেন।
তবে মাজেদুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন,‘ আমি তো এসব বিষয়ে কিছুই জানি না।’
এ ব্যাপারে মামলার বাদী ঠিকাদার বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটেনি। মিস্ত্রি ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী থানায় ওই লিখিত অভিযোগ করেছি।’