গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে পুলিশ ক্যাম্পে গ্রামবাসীর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
মামলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, তাঁর মা গুলিবিদ্ধ আমিরুননেছা ও পুলিশের গুলিতে নিহত রুম্মান জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে।
গত শুক্রবার বাদ আসর রাজাপুর জামে মসজিদ প্রাঙ্গণে রুম্মান জমাদ্দারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় হাজার পাঁচেক মুসল্লির সমাবেশে রাজাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরীসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা মিজানুর রহমান খান (আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী) ও তাঁর সহযোগী নাসির সরদারের ফাঁসি ও ক্যাম্প সরানোর দাবি করেন। একই দাবিতে গতকাল শনিবারও বিক্ষোভ হয়।
ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী তাঁর বাসভবনে লিখিতভাবে বলেন, ভোলার রাজাপুরে জনতা বাজারে প্রভাবশালী চক্র, ইউপি নির্বাচনে পরাজিত পক্ষ ও সন্ত্রাসী, হত্যা মামলার আসামিদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্প বসানো হয়েছে। গণ-মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এ ক্যাম্প হয়নি। যেখানে নিরীহ জনগণকে ধরে এনে টর্চার করা হতো, টাকা দিলে ছেড়ে দিত, নইলে মামলার আসামি বলে চালান করত। গত এক মাসে কয়েক লাখ টাকা চাঁদাবাজি করেছে ক্যাম্পে কর্মরতরা ব্যক্তিরা। সর্বশেষ ২৬ মে রাতে নির্বাচিত চেয়ারম্যানের এক কর্মী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে ধরে জনসমক্ষে পিটিয়ে ২০ হাজার টাকা দাবি করে। গ্রামবাসী এ ঘটনার প্রতিবাদ করায় পুলিশ সদস্যরা গুলি চালিয়ে একজনকে মেরে ফেলেছেন এবং ৪০ জনকে গুলিবিদ্ধ করেছেন। আবার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছেন। এখন পুলিশ আবার আটক বাণিজ্য করবে। এভাবে যে ক্যাম্প টর্চার সেলে পরিণত হয়েছে, সে ক্যাম্প থাকা উচিত নয়। একই সঙ্গে সন্ত্রাসী ও খুনের মামলার আসামি নাসির সরদারের বাড়িতে কী করে পুলিশ ক্যাম্প বসে, কী করে ক্যাম্পটি চাঁদাবাজির আখড়া ও টর্চার সেলে পরিণত হয়, তার সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।
ভোলা থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, রাজাপুরবাসীর নিরাপত্তার স্বার্থে ক্যাম্প বসানো হয়েছে। আর নাসির সরদারের বিরুদ্ধে যে মামলা ছিল তার কারণেই তাঁকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জনতা বাজার পুলিশ ক্যাম্পে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ প্রায় ৪০ জন আহত হয়।