গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার এক দিন পর বিজিবির সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মাটিলা গ্রামের ২৫-৩০ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জলুলী ক্যাম্পের কমান্ডার শিশির কুমার চক্রবর্তী বাদী হয়ে মাটিলা গ্রামের ইউপি সদস্য মহিউদ্দিন, ঘটনার সময় বিজিবির গুলিতে গুরুতর আহত ফিরোজ আহম্মেদসহ ১২ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় গত রোববার রাত সাড়ে আটটার দিকে এ মামলা করেছেন।
এদিকে গ্রামবাসীর দাবি, বিজিবি কোনো উসকানি ছাড়াই গ্রামের লোকজনের ওপর গুলি চালিয়ে হতাহত করলেও উল্টো সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা করেছে। এ মামলায় কিছু নাম উল্লেখ করলেও বাকি নামগুলো অজ্ঞাত থাকায় গোটা গ্রামের মানুষের মাঝে বর্তমানে মামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশির ভাগ মানুষ পুলিশি আতঙ্কে পালাতে শুরু করেছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামে গত শনিবার সকালে একটি গরু পারাপার নিয়ে গোলযোগ সৃষ্টি হলে বিকেলে বটতলায় জটলা করে থাকা লোকজনকে বিজিবি এলোপাতাড়ি মারধর করে। গ্রামের মানুষ এর প্রতিবাদ জানাতে একত্র হলে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় চা-বিক্রেতা রফিকুল ইসলাম (৩০) নিহত এবং ফিরোজ আহম্মদ (৩৮), বাবুল আক্তার (৩৫) ও আতিকুর রহমান (২৮) আহত হন। তাঁদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।