জালিয়াতির মাধ্যমে দলিল করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খোলাপাড়া মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসী বৈঠক করেছেন। বৈঠকে গ্রামবাসী সংগ্রাম পরিষদ গঠন করেন। জালিয়াতির ঘটনায় গত শুক্রবার রাতে থানায় আরেকটি মামলা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলার খোলাপাড়া মসজিদের সামনে গ্রামবাসী এক বৈঠকের অয়োজন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন আটাবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ আলীম। বক্তৃতা করেন আলাউদ্দিন সিরাজী, জিয়ারত হোসেন, ইব্রাহীম, আনোয়ার হোসেন প্রমুখ। বৈঠকে ৩১ সদস্যবিশিষ্ট একটি সংগ্রাম পরিষদ গঠনের জন্য আটাবহ ইউনিয়নের ছয়টি গ্রাম থেকে ২৮ জন সদস্য নির্বাচন করা হয়। বাকি তিন সদস্য আজ রোববারের মধ্যে নির্বাচন করা হবে।গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হককে সংগ্রাম পরিষদের উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান এম এ আলীম প্রথম আলোকে বলেন, রোববার থেকেই সংগ্রাম পরিষদের কার্যক্রম শুরু হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত শুক্রবার রাতে উপজেলার বড়ইছুটি এলাকার বাছির উদ্দিন বাদী হয়ে জালিয়াত চক্রের হোতা খান টিপু সুলতান, ওয়াহিদুর রহমান, বরকত উল্লাহসহ ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এর আগে গত মঙ্গল ও বুধবার তিনটি মামলা করা হয়। চারটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আটাবহ ইউনিয়নের ছয়টি মৌজার প্রায় ৫০০ বিঘা জমি একটি জালিয়াত চক্র মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে জাল দলিল করে লিখে নিয়েছে।