গ্রামবাসীর মধ্যে দুটি সংঘর্ষে আহত ৫৩
কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর ও ঝাউদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে দীর্ঘদিন ধরে হরফ মণ্ডল ও নবীছদ্দিন মণ্ডলের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নবীছদ্দিন মণ্ডলের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হরফ মণ্ডলের লোকজনের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নবীন উদ্দিন, নবীছদ্দিন মণ্ডলকে ঢাকা ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।অপর দিকে ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে বিশারত মণ্ডল ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ইমাম জানান, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।