গ্রামবাসীর শ্রমঘামে মেরামত হলো বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের বাসিন্দারা মেরামত করেন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের বাসিন্দারা মেরামত করেন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভেঙে পড়েছিল গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কোনো ফল হয়নি। এরপর চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রম দিয়ে তা মেরামত করলেন গ্রামবাসী।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের এ বন্যানিয়ন্ত্রণ বাঁধের মেরামতকাজ গতকাল শুক্রবার শেষ হয়। তার আগে টানা তিন দিন স্বেচ্ছাশ্রম দেন গ্রামের ১২০ জন বাসিন্দা।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ২১ মে আঘাত হানা রোয়ানুর প্রভাবে পাশের সোনাতলা নদীর জলোচ্ছ্বাসে উমেদপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৪০ ফুট ভেঙে যায়। বাঁধসংলগ্ন জলকপাটও (স্লুইসগেট) ক্ষতিগ্রস্ত হয়। ফলে গ্রামের ৮০০ একর জমির ধানখেত, ৬০টি পুকুর ও ১০০টি বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল আসেনি। উপায়ান্তর না দেখে গ্রামের বাসিন্দারা ২৮ মে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে ক্ষতিগ্রস্ত বাঁধ ও জলকপাট মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধটির ক্ষতিগ্রস্ত স্থানে বাঁশ ও গেওয়াগাছের ডাল দিয়ে প্রথমে পাইলিং দেওয়া হয়েছে। এরপর সেখানে মাটিভর্তি প্লাস্টিকের বস্তা ফেলা হয়েছে। তার ওপরে মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশের পুরোটা ভরাট করা হয়েছে। আর জলোচ্ছ্বাসের কারণে পাশের জলকপাটের যে অংশে ফাটল দেখা দিয়েছিল, তা চটের বস্তা দিয়ে আটকে দিয়ে ওপরে মাটি ফেলা হয়েছে। জলকপাটের ক্ষতিগ্রস্ত লোহার ঢাকনার স্থানে আপাতত ব্যবস্থা হিসেবে কাঠের ঢাকনা তৈরি করে দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, তিন দিনের প্রচেষ্টায় তাঁরা ক্ষতিগ্রস্ত বাঁধ ও জলকপাট মেরামত করতে সক্ষম হয়েছেন। এ জন্য স্বেচ্ছাশ্রম দিতে হয়েছে গ্রামের ১২০ জন শিক্ষার্থী, যুবক ও বয়স্ক মানুষকে। এতে নেতৃত্ব দেন উমেদপুর গ্রামের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মো. হেমায়েত উদ্দিন। স্বেচ্ছাশ্রমের পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম কিনতে ব্যয় করা হয় চাঁদার মাধ্যমে ওঠা ১৫ হাজার টাকা।
গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম বলেন, ‘বইন্যায় বাঁধ ভাঙছে, অথচ আমাগো দিকে কারও নজর নাই। গ্যাছে কয়দিন ধইরা জোয়ার-ভাটার পানিতে আমরা ভাসছি। আমাগো সব শ্যাষ অইয়া গ্যাছে।’ আরেক বাসিন্দা হবি হাওলাদার বলেন, ‘নিজেগো কষ্টের কথা চিন্তা কইরা নিজেরাই বানডা বাইন্দ্যা হালাইলাম। অ্যাহন আমরা শান্তিতে দিন পার করতে পারমু।’
এ ব্যাপারে জানতে চাইলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডকে মানুষের দুরবস্থার কথা জানিয়েছিলাম। তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে গ্রামের বাসিন্দারা জানমাল রক্ষায় নিজেরাই উদ্যোগী হয়ে কাজ করেছে।’
কলাপাড়া পাউবোর ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা (এসও) মো. শহীদুল ইসলাম বলেন, তিনি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তৈরি প্রতিবেদন ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি এলে বাঁধটি পরিপূর্ণভাবে মেরামত করে দেওয়া হবে।