গ্রামবাসীর সঙ্গে কারখানার নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি রড তৈরির কারখানার নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রেললাইনের কাছে জোর করে ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি ভরাটকে কেন্দ্র করে আজ সোমবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন স্থানীয় গ্রামবাসী এবং চারজন কারখানার শ্রমিক। তাঁদের কয়েকজন হলেন, ভাটিয়ারী ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইছহাক (৫০), মো. সোহেল, জসিম, সোহেল, রাসেল, ইউপি সদস্য জসিম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত ইছহাকসহ কয়েকজন গ্রামবাসী প্রথম আলোকে বলেন, আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল কারখানা কর্তৃপক্ষ ব্যক্তি মালিকানাধীন একটি জমি ভরাট করে ঘর তৈরি করছিল। গত শনিবার জমির মালিক সেখানে গেলে কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। দখলের প্রতিবাদ করতে আজ সকালে গ্রামবাসী ওই জায়গায় জমায়েত হলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কারখানা ছুটি দিলে শ্রমিকেরাও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক শাহ আলম হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আংশিক ব্যক্তিমালিকানা জায়গা ভরাট করার কথা স্বীকার করে কারখানার ব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া বলেন, ইছহাক চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী কারখানায় হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ১৫ শ্রমিক আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশের উপপরিদর্শক শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। গ্রামবাসী ও কারখানার কর্তৃপক্ষের সঙ্গে থানার বৈঠক হয়েছে। এ ঘটনার মীমাংসায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটির দায়িত্বে আছেন ১০ জন গ্রামবাসী। এ ছাড়া কারখানার ছয়জনকে নিয়ে অপর কমিটি গঠন করা হয়েছে।