গ্রামবাসীর সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্যাতনের শিকার গৃহবধূ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের উদ্যোগে ভুক্তভোগী গৃহবধূর গ্রামবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার ওই সভা হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আইয়ুবুর রহমান শাহর সভাপতিত্বে পুলিশ সুপার রুহুল আমিন, থানার ওসি আনিছুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান, গ্রামটির মসজিদের ইমাম আফজাল হোসেন, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীসহ প্রায় পাঁচ শ নারী-পুরুষ ওই সভায় ছিলন।
চেয়ারম্যান হাসিবুল হাসান বলেন, পরিবারটিকে যে একঘরে করে রাখা হয়েছিল বা তারা যে নির্যাতনের শিকার হয়েছে, এটা তাঁর জানা ছিল না। গত জুলাই মাস থেকে তিনি পরিবারটির দেখভাল করছেন।
কমিউনিটি পুলিশিং কমিটি এবং চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ বলেন, শাসনের নামে ফতোয়া জারি করে কোনো পরিবারকে একঘরে বা নির্যাতন করা দেশের প্রচলিত আইন অমান্যের শামিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সুপার রুহুল আমিন বলেন, কাউকে গ্রামছাড়া করাটা পুলিশ সহ্য করবে না। যারা ফতোয়া জারি করে দারিদ্র্যের সুযোগ নিয়ে একটি পরিবারের ওপরে নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন অনুযায়ী যা হওয়ার হবে। এ সময় ভুক্তভোগী নারীর পরিবার নিজ বাড়িতে থাকবে। তাদের কোনো ধরনের ক্ষতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন। পরে পুলিশ সুপার স্থানীয় জামে মসজিদের ইমাম আফজাল হোসেনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি করে দেন।
চিরিরবন্দরের ওই গৃহবধূকে গত জানুয়ারি মাসে গ্রামের প্রভাবশালী পরিবারের কয়েক যুবক কুপ্রস্তাব দিলে গ্রামে সালিস বসে। সেখানে ফতোয়া জারি করে পরিবারটিকে একঘরে করা হয়। একপর্যায়ে ওই গৃহবধূর বাবাকে পিটিয়ে তাঁর পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মামলা হলে গৃহবধূকে নির্যাতনসহ শ্লীলতাহানি ঘটান যুবকেরা। হাসপাতালে চিকিৎসা শেষে গত সোমবার বাড়ি ফিরলে আবারও হামলার শিকার হন ওই গৃহবধূ।