গ্রামবাসীর সঞ্চয়ে চলছে রাস্তা নির্মাণ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রাম। বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটিতে এক হাঁটু কাদা জমে। গ্রামবাসীর চলাচলে খুব অসুবিধা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এ দুর্ভোগের কথা বহুবার বলেও কাজ হয়নি। শেষমেশ ওই গ্রামের প্রতিটি পরিবার প্রতিদিন দুই টাকা করে জমাতে থাকে। সে টাকায় কেনা হয় ইট। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঁচা রাস্তায় ইট বসাচ্ছেন।
গ্রামের আবদুস শুকুর নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ২৬ জুলাই ও ২১ আগস্ট ছেলে-বুড়ো সবাই রাস্তায় নেমে আসে। মাটি ও বালু ফেলে রাস্তা ভরাট করে। এরপর ইট বিছায়। তিনি আরও বলেন, গ্রামের মানুষ এখন নানা কাজে ব্যস্ত থাকে। সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। কিন্তু রাস্তায় ইট বসানো উপলক্ষে সবাই একত্র হয়। সবাই মিলে এভাবে কাজ করার মজাই আলাদা। ঈদের আনন্দ বিরাজ করে।
গ্রামের কয়েকজন তরুণ বলেন, তাঁদের এ গ্রামে দুটি পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে একটি পঞ্চায়েতের উদ্যোগে এ কাঁচা রাস্তায় ইট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর গ্রামের উদ্যমী তরুণ লিলু মিয়া, জীবন আহমদ, রাব্বিল ও হাসানের নেতৃত্বে গঠিত হয় বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটি। কমিটির উদ্যোগে গ্রামের প্রবীণ ও নবীন ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের ১৪৪টি পরিবার প্রতিদিন দুই টাকা করে কমিটির কাছে জমা দেবে। এভাবে চলে ৩৫৩ দিন। এ সময়ের মধ্যে ১ লাখ ১ হাজার ৬৬৪ টাকা জমা হয়। প্রাথমিকভাবে ১০ হাজার ইট কেনা হয়। দুই দিনে মাটি ও বালু ভরাট শেষে রাস্তার প্রায় ৪০০ ফুট অংশে এসব ইট বসানো হয়। আরও কিছুদিন টাকা জমানোর পর রাস্তার বাকি অংশে ইট বসানো হবে।
বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসচিব জীবন আহমদ বলেন, গ্রামটিতে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ বাস করে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি প্রায় ছয় ফুট প্রস্থ। বর্ষাকালে এর অনেক অংশে কাদা জমত। তখন ভোগান্তির আর সীমা থাকত না। জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হয়নি। পরে মুরব্বিদের পরামর্শ অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলামের সঙ্গে গতকাল বৃহস্পতিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর বলেন, বাঘমারা গ্রামের বাসিন্দারা দেখিয়ে দিয়েছেন, দশে মিলে কাজ করলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তাঁদের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, চেয়ারম্যান-সংক্রান্ত আইনি জটিলতার কারণে ১১ মাস উপজেলায় উন্নয়ন কার্যক্রম বন্ধ ছিল। কিছুদিনের মধ্যে এ জটিলতা নিরসন হবে। তখন রাস্তাটির নির্মাণকাজ শেষ করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।