গ্রামবাসীর হামলায় দুই কনস্টেবল আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতা সেজে ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ী ও গ্রামবাসীর হামলায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে। গতকাল রোববার বেলা একটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আমানুল্লাহ বলেন, সহকারী উপপরিদর্শক সাইদুর রহমানের নেতৃত্বে দুই কনস্টেবল গতকাল বেলা একটার দিকে ক্রেতা সেজে দেবহাটার খাসখামার গ্রামের আবদুল আলিমের বাড়িতে যান। পাঁচ হাজার টাকা চুক্তিতে ১০০ বোতল ফেনসিডিল কেনার সময় তাঁরা আলিমকে আটক করেন। এ সময় আলিম চিৎকার দিলে ৪০-৫০ জন নারী ও পুরুষ লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে কনস্টেবল অজন দাশ ও আনিছুর রহমান আহত হন।