দেশের গ্রামাঞ্চলে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীর সংখ্যা এক লাখ ৭৪ হাজার। নবজাতকের অত্যাবশ্যকীয় সেবায় (এসেনশিয়াল নিউবর্ন কেয়ার—ইএনসি) প্রশিক্ষণ আছে, এমন মাঠকর্মীর সংখ্যা ৬৭ হাজার, অর্থাৎ প্রতি ১০ হাজার মানুষের জন্য পাঁচজন। নবজাতকের মৃত্যু কমাতে প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মীর সংখ্যা আরও বাড়ানো দরকার।বাংলাদেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্য মাঠকর্মী-পরিস্থিতি নিয়ে এক সমীক্ষা প্রতিবেদনে এসব বলা হয়েছে। গবেষণাটি করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে সমীক্ষার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।সমীক্ষায় দেখা গেছে, গ্রামাঞ্চলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাঠকর্মী আছেন ৫৪ হাজার (মোট কর্মীর ৩১ শতাংশ)। তাঁরা স্থায়ী। ইউনিসেফসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন মা, নবজাতক ও শিশু প্রকল্পে কর্মী আছেন ৫২ হাজার (২৯ শতাংশ)। এ ছাড়া সারা দেশে স্বাস্থ্যকর্মী আছেন ৬৩ হাজার (৩৬ শতাংশ)। অন্যান্য এনজিওর কর্মী আছেন ছয় হাজার (৪ শতাংশ)।সমীক্ষায় দেখা গেছে, ইএনসি প্রশিক্ষণ পাওয়া সরকারি মাঠকর্মী প্রতি ১০ হাজারে ১ দশমিক ২ জন। বেসরকারি মাঠকর্মীদের মধ্যে এই সংখ্যা বেশি, প্রতি ১০ হাজারে ৩ দশমিক ৯ জন। প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মীদের ৫১ হাজার কাজ করেন ঢাকা ও রংপুর বিভাগে। নারায়ণগঞ্জ, চাঁদপুর, শেরপুর, ঝালকাঠি, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় প্রতি ১০ হাজার মানুষের জন্য ইএনসি প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী একজনেরও কম। এমন স্বাস্থ্যকর্মী সবচেয়ে বেশি রংপুরের তারাগঞ্জ উপজেলায়, প্রতি ১০ হাজারে ৩০ জন। আর সবচেয়ে কম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়, ১০ হাজারে দশমিক দুজন।অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের প্রধান মাইকেল ফলি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বাড়িভিত্তিক স্বাস্থ্যসেবা ৩০ থেকে ৬০ শতাংশ নবজাতকের মৃত্যু প্রতিরোধ করতে পারে।’ তিনি বলেন, ইএনসি প্রশিক্ষণ পাওয়া মাঠকর্মীরা সঠিকভাবে বুকের দুধ পান করানো, পরিচ্ছন্নতা, প্রয়োজনে চিকিৎসকের কাছে নেওয়া, নবজাতককে উষ্ণ ও শুকনো রাখার বিষয়ে মাকে শেখাতে পারেন।অনুষ্ঠানে বলা হয়, দেশে প্রতি হাজার জীবিত জন্মে ৩২ জন নবজাতক মারা যায়। জন্মের সময় প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তা পান ২৭ শতাংশ মা। প্রতিবছর এক লাখ নবজাতক মারা যায়, যা সুইজারল্যান্ডে এক বছরে জন্ম নেওয়া মোট নবজাতকের সমান।