গ্রামীণ আমেরিকার অগ্রগতিতে হিলারির সন্তোষ প্রকাশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ আমেরিকার কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। গত শুক্রবার ওয়াশিংটনে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে হিলারি তাঁর সন্তুষ্টির কথা জানান। গতকাল শনিবার ইউনূস সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাঁরা ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা ছাড়াও দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক ন্যায়বিচারে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন। প্রসঙ্গত ইন্টার-অ্যাকশন আয়োজিত মার্কিন ও আন্তর্জাতিক এনজিওদের একটি সম্মেলনে যোগ দিতে মুহাম্মদ ইউনূস এখন ওয়াশিংটনে রয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার কাছে গ্রামীণ আমেরিকার কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন হিলারি ক্লিনটন। বর্তমানে নিউইয়র্ক সিটিতে গ্রামীণ আমেরিকার চারটি ও ওমাহায় একটি শাখা রয়েছে। ইন্ডিয়ানাপোলিসে আরেকটি শাখা খোলা হচ্ছে। মুহাম্মদ ইউনূস আগামী ১০-১২ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠেয় বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে যোগ দিতে হিলারি ক্লিনটনকে আমন্ত্রণ জানান। এ ছাড়াও তিনি ১৪-১৭ নভেম্বর স্পেনে অনুষ্ঠেয় বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেও মার্কিন মন্ত্রীকে আমন্ত্রণ জানান।