গ্রামীণ ঐতিহ্যে বর্ণিল বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো হে বৈশাখ এসো এসো...’ অবিরাম সুরের মূর্ছনা, লাল-সাদায় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, আনন্দ, হই-হুল্লোড়। সেই সঙ্গে লাঠিখেলা, নৌকাবাইচ, বানরের খেলা, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই মানুষের আনন্দকে বহু গুণ বাড়িয়ে তোলে। ধুম পড়ে পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি, দই-চিঁড়া খাওয়ার। গত বৃহস্পতিবার দেশজুড়ে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪১৮ সনকে স্বাগত জানাতে ওই দিন গোটা জাতি মেতে ওঠে আনন্দযজ্ঞে। নানা শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষ যোগ দেয় তাতে। অনেক স্থানে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি ওঠে। বাংলা বর্ষের প্রথম দিনটিকে বরণ করতে খুলনা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গত বুধবার থেকে তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী মেলায় সাপের খেলা, বানরের খেলা, জাদু প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে। বরিশালে চারুশিল্পীদের তৈরি বিশাল আকৃতির কুমির, পেঁচা, পাখি, ঘোড়া নিয়ে সর্বস্তরের মানুষ মঙ্গল শোভাযাত্রায় বের হয়। বরগুনার ঐতিহ্যবাহী শিমুলতলা প্রাঙ্গণে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানমালার সূচনা হয়। আগত অতিথিদের চিঁড়া, মুড়ি, গুড় ও তরমুজ দিয়ে আপ্যায়ন করা হয়। চাঁদপুর পুলিশ লাইনে ছিল দই-চিঁড়া, খই-মুড়ি ও পান্তা-ইলিশ দিয়ে অতিথি আপ্যায়ন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালিত হয়েছে। ঝিনাইদহে ছিল লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানোর মতো ঐতিহ্যবাহী খেলার আয়োজন। বৈশাখের প্রথম দিনে ভোর থেকে গভীর রাত অবধি উৎসবমুখর ছিল ভোলা শহর। পৌরসভার উদ্যোগে ভোর ছয়টায় ডিসি বটমূলে প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসন সকাল সাতটায় শোভাযাত্রা বের করে। সকাল সাড়ে সাতটায় পৌরসভা চত্বরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খেলাঘর আসর। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সকাল আটটায় অম্বিকা ময়দানে শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লায় বৈশাখী ও গ্রামীণ মেলা, পান্তা-ইলিশ খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কোনো কিছুরই কমতি ছিল না। সকাল সাড়ে সাতটায় ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউস পার্কের বৈশাখী মঞ্চে এসে শেষ হয়।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমবেত সংগীতের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরকে স্বাগত জানান। রাজশাহী সাংস্কৃতিক সংঘ পদ্মা মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত নানা অনুষ্ঠান করে। সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও একটি মুঠোফোন কোম্পানির সহায়তায় হৈমবালা উচ্চবালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে উদীচীর শিল্পীরা, বড় ময়দানে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এবং স্টেশন ক্লাব চত্বরে লেডিস ক্লাব প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে। নীলফামারীতে শোভাযাত্রা, পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, হাডুডুর মতো নানা গ্রামীণ খেলা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।(প্রতিবেদনটি তৈরিতে সারা দেশ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা সহায়তা করেছেন)