গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগণের কাছে চক্ষু চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে সপ্তাহে এক দিন নিজ নিজ গ্রামে যাওয়ার জন্য চক্ষু চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসসের।সমিতির সভাপতি দীন মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমিতির মহাসচিব জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান শরফুদ্দিন আহমাদ বক্তৃতা করেন।শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেন, গ্রামাঞ্চলে প্রতি মাসে চক্ষুশিবির করে ছানির অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসাসেবা দিন। অন্ধত্ব প্রতিরোধে দক্ষ চক্ষু চিকিৎসকের বিকল্প নেই।প্রধানমন্ত্রী বলেন, অন্ধত্ব বাংলাদেশের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এ দেশে অন্ধত্বের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। এর প্রায় শতকরা ৮০ ভাগ ছানিজনিত, যা পরিহারযোগ্য। ছানিজনিত অন্ধত্ব অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় সম্ভব। এ জন্য জনগণকে সচেতন এবং সময়মতো চক্ষু চিকিৎসকের কাছে যেতে উদ্বুদ্ধ করতে হবে।এই সচেতনতা সৃষ্টিতে চিকিৎসক, গণমাধ্যম, সমাজকর্মী ও সব সেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী ও নারীরা আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে শহরে এসে সময়মতো চিকিৎসাসেবা নিতে পারে না। ফলে তারা দৃষ্টিশক্তি হারাতে থাকে। এই অন্ধত্বের নেতিবাচক প্রভাব ব্যক্তিজীবন ছাড়িয়ে পরিবার, সমাজ ও জাতীয় জীবনেও পড়ে। এতে ব্যক্তিগত ও পারিবারিক আয়ের সঙ্গে জাতীয় উৎপাদন ও প্রবৃদ্ধি হ্রাস পায় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।প্রধানমন্ত্রী বলেন, পরিহারযোগ্য অন্ধত্ব নিবারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ২০২০ সালের মধ্যে ‘দৃষ্টি সবার অধিকার’ নামে দীর্ঘমেয়াদি সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশেও পরিহারযোগ্য অন্ধত্ব দূরীকরণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রায় ৯০০ সদস্য নিয়ে গঠিত বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ঢাকার মিরপুরে স্থাপিত আধুনিক চক্ষু হাসপাতাল থেকে রোগীরা অল্প মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চক্ষুসেবার মান উন্নয়নে চিকিৎসকেরা কাজ করছেন। এই মহতী উদ্যোগ গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে।