গ্রামীণ নারীর সুতার কাজে রঙিন শহুরে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিরা গ্রামের প্রায় ১০০ জন নারী দুই বছর ধরে নারীদের পোশাকে সুই-সুতা দিয়ে নানা নকশা সেলাই করছেন। ছবি: মানসুরা হোসাইন
জামিরা গ্রামের প্রায় ১০০ জন নারী দুই বছর ধরে নারীদের পোশাকে সুই-সুতা দিয়ে নানা নকশা সেলাই করছেন। ছবি: মানসুরা হোসাইন

সালোয়ার, কামিজ, ওড়নায় রঙিন সুতার কাজ। সুই সুতার সূক্ষ্ম কাজগুলো করেছেন গ্রামীণ নারীরা। তাঁরা কেউ অশিক্ষিত, কেউ স্বল্প শিক্ষিত বা কেউবা শিক্ষিত। এই কারিগরদের নকশা করা পোশাক শহুরে নারীর ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা।
জামালপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গ্রাম জামিরা। এ গ্রামের প্রায় ১০০ জন নারী দুই বছর ধরে নারীদের পোশাকে সুই-সুতা দিয়ে নানা নকশা সেলাই করছেন। তাঁরা শহুরে নারীদের ফ্যাশনে নতুনত্ব যোগ করার পাশাপাশি নিজেদের জীবনেও পরিবর্তন এনেছেন। তাঁদের ভাষায়, সংসারে টুকিটাকি খরচের পর তাঁরা নিজেদের ‘হাউস’ বা ‘ইচ্ছাও’ পূরণ করতে পারছেন।
৬ সেপ্টেম্বর সকালে গ্রামটির একাধিক নারীর সঙ্গে কথা হয়। সবার হাতেই ফ্রেমে আটকানো সালোয়ার, কামিজ ও ওড়না। সংসারের নানা কাজের পাশাপাশি সুযোগ পেলেই এতে দুই ফোঁড় দেন তাঁরা। এ কাজ জমা দেওয়ার নির্দিষ্ট সময় নেই। যে যখন কাজ জমা দেবেন, তখনই পাবেন মজুরি। কাজ ভেদে সালোয়ার, কামিজ ও ওড়নায় নকশা করা বাবদ এই নারীরা সর্বোচ্চ পান ২২০ টাকা। সিঙ্গেল পিস হলে বা কাজ কম হলে তা আরও কমে যায়। এই নারীরাই জানালেন, তাঁরা কাজের জন্য এত কম মজুরি পেলেও বিভিন্ন হাত ঘুরে এই পোশাকগুলোই শহরে বিক্রি হবে ১০০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে দাম আরও বেশি হয়।
গ্রামটিতে এ কাজে নারীদের সম্পৃক্ত করেছেন ব্যবসায়ী আসমা বেগম। তিনি এ কাজ শুরু করেন তাঁর বোনের মাধ্যমে। তাঁর বোন এখন বেশ বড় ব্যবসায়ী। এ ব্যবসা শুরু করার জন্য আসমা বেগমের কোনো মূলধন লাগেনি। তাঁর মূল কাজ জামালপুর থেকে কাজের অর্ডার আনা। তারপর গ্রামের নারীদের মধ্যে কাজ বিলি করে দেওয়া। কোন পোশাকে কোন সেলাই করবেন, তা বুঝিয়ে দেন। কাজ শেষে তা আবার বুঝে নেন। তারপর আবার তা নিজ দায়িত্বে জামালপুরের নারী ব্যবসায়ী সুলতানা বেগমের হাতে তুলে দেন। এ কাজ বাবদ তিনি লাভের কিছু টাকা হাতে পান। তবে লাভের সব টাকা আনতে পারেন না। আবার কাজের অর্ডার আনা বাবদ সে টাকা রেখে দেওয়া হয়। আসমা বেগম পোশাকপ্রতি ২০ টাকা করে পান।
আসমা বেগমের কণ্ঠে আত্মপ্রত্যয়। জানালেন, এখন কাজের চাহিদা বেড়েছে। কাজের অর্ডার ৫০টি আনলে এক মুহূর্তেই শেষ হয়ে যায়। স্কুলপড়ুয়া মেয়েরাও স্কুল শেষে বিকেলের অবসরে সেলাই করছে।
আসমা বেগম বলেন, কাজ জমা দেওয়ার জন্য কোনো তাড়া দেওয়া হয় না। যে যার সুবিধামতো কাজ শেষ করে। ফলে সংসারেও অশান্তি হওয়ার কোনো সুযোগ নেই। কেউ কেউ তিন মাসেও কাজ জমা দেয়।
আসমা বেগমের তিন মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন। নারী হিসেবে ব্যবসা শুরু করার আগে আসমা বেগমকে অনেক ভাবতে হয়েছে। তবে স্বামীর সহযোগিতা পেয়েছেন পুরোদমে। ছেলে একটু আপত্তি জানাচ্ছেন। ছেলের মতে, কী দরকার এসব করার?
তবে আসমা বেগম বলেন, ‘দরিদ্র নারীরা এ কাজ কইরা হাতে কিছু টাকা পাইতাছে। আগে যারা বইসা থাকত বা গল্পগুজব কইরা দিন কাটাইত, তারাও এ কাজ কইরা দুইটা পয়সা রোজগার করতাছে।’
আসমা বেগম আরও জানালেন, জামালপুরে সুলতানা বেগম নামের এক ব্যবসায়ী নিজের বাসায় ব্যবসা করছেন। সেখান থেকে সুতা ও কাপড়ে নকশা করে দেওয়া হয়। সেখানেও কোনো পুরুষ নেই, কাজ করছেন সব নারী। সপ্তাহে দুবার আসমা বেগম জামালপুর যান। এ যাতায়াত খরচ নিজেকেই বহন করতে হয়। এ ছাড়া কাপড় সেলাই করার সময় বা নারীরা সেলাই করে জমা দেওয়ার পর কোনোটা নষ্ট হলে তার জরিমানাও দিতে হয়। তাই মাটির ঘরে আসমা বেগমকে সতর্কতার সঙ্গে কাপড়গুলো রাখতে হয়। ব্যবসার হিসাব ঠিক রাখতে একটি খাতায় সব লিখে রাখতে হয়।
দুই বছর ধরে কাপড়ে নকশা করার কাজ করেন মনিজা। তিনি বললেন, ‘নিজের ইচ্ছায় এখন কিছু কাজ করতে পারি। পুলাপাইনের খরচ দেই। নিজের স্নো-পাউডার নিজেই কিনি। শখের ব্লাউজ বানাই। বলতে পারেন, এই কাজ কইরা মনের হাউশ মিটাইতে পারি। ছয় মাস কাজ কইরা একটা নাকফুলও বানাইছিলাম। এখন মাসে ৮০০-১০০০ টাকা হাতে পাই। আগে তো হাতে এক টাকাও পাইতাম না।’
মনিজার সঙ্গে কথা বলার সময় আসমা বেগম পাশ থেকে জানালেন, এক নারী হাতের কাজ করে আট হাজার টাকা জমিয়ে একটি কানের দুল কিনেছেন। অনেক নারী নিজের টাকা নিজের কাছে না রেখে আসমা বেগমের কাছে জমা রাখেন বলেও তিনি জানালেন।

জামিরা গ্রামের নারীদের নকশা করা পোশাক। ছবি: মানসুরা হোসাইন
জামিরা গ্রামের নারীদের নকশা করা পোশাক। ছবি: মানসুরা হোসাইন

চার সন্তানের মা নুরী বেগম। তিনি মূলত বিল ও নদী থেকে নিজেই মাছ ধরেন ও বাজারে নিয়ে বিক্রি করেন। তিনিও এ কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করছেন বলে জানালেন। তাঁর মতে, এটি তাঁর বাড়তি আয়ের পথ। গ্রামে বিদ্যুৎ থাকায় রাতের বেলা সেলাই করেন তিনি। হাসি মুখে জানালেন, তিনি তাঁর স্বামী আসাদুলকেও সেলাইয়ের কাজ শিখিয়েছেন। স্বামী অবসর সময়ে সেলাইয়ের কাজে সাহায্য করেন। প্রতিদিন মাছ বিক্রি ও সেলাই করে যে টাকা পান তা দিয়ে ভালোই চলে তাঁদের।
তানজিলা সপ্তম শ্রেণিতে পড়ে। সে জানাল, বিকেলে স্কুল থেকে ফিরে সেলাইয়ের কাজ করে। এ পর্যন্ত সে পাঁচ হাজার টাকা জমিয়েছে। সে তার বাবাকে টাকা দিয়েছে বলে জানাল।
গ্রামীণ নারীদের সেলাই করা পোশাকগুলো গ্রামে বিক্রি করার নিয়ম নেই বা গ্রামে ক্রেতাও পাওয়া যাবে না। তবে গ্রামের নারীদের অনেকেই এখন সালোয়ার, কামিজ পরেন। তাঁরা এখন নিজেদের পোশাকটাও একটু শহুরে ধাঁচে তৈরি করার চেষ্টা করেন। তাতে নিজেদের মনের মাধুরী মিশিয়ে লতা-পাতা-ফুল সেলাই করেন।
গ্রামটির একাধিক বাড়িতে গিয়ে দেখা গেল, কেউ অন্যের ঘরে বেড়াতে যাওয়ার সময়ও হাতে কাপড় ও ফ্রেম নিয়ে রওনা দিয়েছেন। গল্পের ফাঁকে ফাঁকে হাত চলছে এবং কাপড়ে একেকটি নকশা প্রাণ পাচ্ছে।