গ্রামীণ পণ্য নিয়ে উন্নয়ন মেলা

বাঁশের ঝুড়িতে ছোট ছোট লাল টমেটো। সঙ্গে আছে শীতের সবজি। লাল চাল, মাষকলাই, মসুর ডাল প্যাকেট করা বা ডালায় সাজিয়ে রাখা। হাতের কাজের নানান পোশাক। বাঁশির সুরও কানে বাজবে। পিকেএসএফের (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) মেলায় শহুরে মানুষদের কাছে গ্রামীণ পণ্যকে এভাবেই তুলে ধরা হয়েছে।
২৯ অক্টোবর থেকে ছয় দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’ আয়োজন করেছে ক্ষুদ্রঋণ অর্থায়নকারী জাতীয় প্রতিষ্ঠান পিকেএসএফ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এ মেলা।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের স্টলটি বাঁশ বেত ও খড়ের পণ্য দিয়ে সাজানো। পুঁতির কাজের ব্যাগ এবং কাপড়ের তৈরি অন্যান্য পণ্যও আছে। যশোরের প্রতিষ্ঠানটির কার্যক্রম ২২টি জেলায় চলে। এর সহকারী পরিচালক মানস বিশ্বাস বলেন, ‘আমাদের থেকে ক্ষুদ্রঋণের সুবিধা পাওয়া মানুষেরা বিভিন্ন পণ্য তৈরি করেন। সেগুলোকেই আমরা মেলায় নিয়ে আসি। সাড়াও পাচ্ছি ভালো।’

হস্তশিল্প ও পোশাকের পাশাপাশি কৃষি ও খাদ্যপণ্যও মেলায় উঠেছে। সেসবের প্রতি আগ্রহ অনেক। কেয়া ইসলাম দুই বোনকে নিয়ে ঘুরছেন। পোশাকের চাইতে খাদ্যপণ্যের দিকে আগ্রহ বেশি তাঁর। তিনি বলেন, ‘ঢাকায় অনেক দোকানে খাঁটি জিনিসের বিজ্ঞাপন দেখি। কিন্তু তা কতটুকু খাঁটি, তা জানি না। এই মেলার জিনিস সরাসরি গ্রাম থেকে আসে। ভরসা পাই।’
সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ দীর্ঘদিন পিকেএসএফের সঙ্গে আছে। চারটি জেলায় তাদের কার্যক্রম। তাদের অধীনে ঋণগ্রহীতারা মূলত কৃষির সঙ্গে জড়িত। তবে অনেকে হস্তশিল্পের কাজও করেন। সেগুলোই নিয়ে এসেছেন মেলায়।
আফিয়া হক বেশ কয়েকটি শতরঞ্জি কিনলেন। তিনি বলেন, ‘এখানে দাম খুব বেশি না। একই জিনিস কোনো শো-রুমে কিনতে গেলে অনেক বেশি নেয়। আর গ্রামীণ পণ্য তো সরাসরি আমরা কাছে পাই না।’
পিকেএসএফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. নাজমুল হক বলেন, অষ্টমবারের মতো এ মেলা হচ্ছে। এবার ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল অংশ নিয়েছে। মেলার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘গ্রামের দরিদ্র মানুষদের পণ্য নিয়েই এ মেলা। তাঁদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করাই এর উদ্দেশ্য। শহুরে মানুষদেরও জানানো তাঁদের পণ্য সম্পর্কে।’ উন্নয়ন কতটুকু হচ্ছে সে সম্পর্কে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেন তাদের সম্পর্কে নিয়মিত খোঁজ করেন। তিনি আরও বলেন, প্রান্তিক মানুষদের উৎপাদিত পণ্যই বলে দিচ্ছে উন্নয়ন হচ্ছে।