গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনে ২৬ নারীর উদ্বেগ
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ২৬ জন নারী নেত্রী ও পেশাজীবী নারী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা এই উদ্বেগ প্রকাশ করেন। গতকালই সরকার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা কমিয়ে এবং চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ জারি করেছে। বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ মালিকানা দরিদ্র নারীদের। এতে সরকারের মালিকানা মাত্র তিন শতাংশ। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে এই ব্যাংকের সরকার নিযুক্ত চেয়ারম্যানকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রকৃতপক্ষে ব্যাংকটিকে সরকার নিয়ন্ত্রণাধীন করার শামিল, অর্থাৎ তৃণমূল নারীর ব্যবস্থাপনাকে অস্বীকার করে তাঁদের ক্ষমতাহীন করার পদক্ষেপ। বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এই বেসরকারি ব্যাংকটিকে সরকারের আওতাধীনে নেওয়ার উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।বিবৃতিদাতা নারীরা হলেন: ইয়াসমিন আহমেদ, ফাজিয়া বানু, তাসনিম সিদ্দিকী, নিলুফার মনজুর, সাবিনা ফাইজ রশীদ, মিতা রহমান, আমিরাহ হক, নাদিনা পেরেরা, পারভীন হাসান, মনোয়ারা হাকিম আলী, রাজিয়া সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।