গ্রামীণ ব্যাংক কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন
গ্রামীণ ব্যাংক কমিশন বাতিল করার দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মচারী সমিতি। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বেলা একটার দিকে এ মানববন্ধন শুরু হয়। বিভিন্ন স্লোগান লেখা কালো ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন প্রতিবাদী কর্মকর্তা-কর্মচারীরা। এসব স্লোগানের মধ্যে ছিল ‘গ্রামীণ ব্যাংককে ভাঙতে দেব না’, ‘গ্রামীণ ব্যাংক কমিশন বাতিল করো’।
মানববন্ধনে অংশ নিয়ে গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম বলেন, ‘সরকার গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র শুরু করেছে, তা প্রতিহত করব আমরা। গ্রামীণ ব্যাংক কমিশন এ বিষয়ে কর্মশালার ঘোষণা দিলে নতুন কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে সকাল থেকে গ্রামীণ ব্যাংক কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বৈঠক করেন। বৈঠকে প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী যোগ দেন। সরকারের পদক্ষেপ ও পরবর্তী কর্মসূচি নিয়ে তাঁদের পর্যালোচনা ও মতামত তুলে ধরেন তাঁরা।