গ্রামীণ ব্যাংক কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কমিশন বাতিলের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। গতকাল মঙ্গলবার এই দাবিতে সংগঠনটি মানববন্ধন করেছে। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তাঁরা গ্রামীণ ব্যাংককে ভাঙার চেষ্টার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করেন।
বেলা একটার দিকে শুরু হওয়া মানববন্ধনে ‘গ্রামীণ ব্যাংককে কেড়ে নিতে দেব না’, ‘গ্রামীণ ব্যাংক কমিশন বাতিল করো’ প্রভৃতি লেখা ব্যানার প্রদর্শন করা হয়। মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহানসহ সব নির্বাহী এবং প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী যোগ দেন।
মানববন্ধনে অংশ নিয়ে গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম বলেন, ‘সরকার গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র শুরু করেছে, তা প্রতিহত করব আমরা। গ্রামীণ ব্যাংক কমিশন এ বিষয়ে কর্মশালার ঘোষণা দিলে নতুন কর্মসূচি দেওয়া হবে।’
সমাবেশ ও কালোব্যাজ ধারণ: গ্রামীণ ব্যাংক কমিশন বাতিল ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে চক্রান্ত বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক গণপ্রতিরোধ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র এবং বাংলা প্রজন্ম একাডেমি।
ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, গ্রামীণ ব্যাংক বন্ধ করার কোনো আইনগত অধিকার সরকারের নেই। সরকার যত চেষ্টাই করুক না কেন এ ব্যাংক বন্ধ করতে পারবে না।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, বিএনপি ও ১৮ দল ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক যে অবস্থাতে আছে সে অবস্থাতে থাকবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামান বলেন, যে বিষয় বোঝেন না কিংবা জানেন না সে বিষয়ে হাত দেবেন না। হাত দিলে হাত পুড়ে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্রের সভাপতি এম মনিরুজ্জামান, বাংলা প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদুল হাসান, সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী প্রমুখ।