গ্রামীণ ব্যাংক কর্মকর্তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
নরসিংদীতে নাজমুল মিয়া (৩৫) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার শিবপুর উপজেলায় নিজ বাড়ির পাশের নির্জন স্থানে তাঁর লাশ পাওয়া যায়।নাজমুল মিয়া গ্রামীণ ব্যাংক নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া শাখায় জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির একটি মুঠোফোন, দিয়াশলাই ও জ্বালানি তেলের কৌটা উদ্ধার করেছে। নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ও অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, নাজমুল মিয়ার বাড়ি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মাধবদী গ্রামে। তিনি পরিবার নিয়ে স্থানীয় সোনাকুড়া সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নাজমুল বাড়ি ফিরে খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। রাত পৌনে ১২টার দিকে তিনি বিছানায় যান। এ সময় নাজমুলের মুঠোফোনে একটি কল আসে। তিনি কিছুক্ষণ কথা বলেন। সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর চিৎকারে তাঁর স্ত্রীর ঘুম ভাঙে। স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন নাজমুল বিছানায় নেই। তখন পরিবারের লোকজন ঘর থেকে বের হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখে, নাজমুলের পোড়া লাশ পড়ে আছে। খরব পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নাজমুলের স্ত্রী আসমা বেগম বলেন, ‘রাত ১২টা পর্যন্ত আমার স্বামী ঘরেই ছিল। একপর্যায়ে মেয়ে আর আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর লোকজনের হইচই শুনে ঘুম ভাঙে। ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ পড়ে থাকতে দেখি।’ আসমা বেগম আরও বলেন, পোড়া লাশ দেখে মনে হচ্ছে, আমার স্বামীকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। তবে আমাদের জানা মতে, তাঁর (নাজমুল) কোনো শত্রু ছিল না। বড় ধরনের সমস্যায় আছেন—এমন কোনো ইঙ্গিতও দেননি। কেন এমনটা হলো ধারণা করতে পারছি না। ’গ্রামীণ ব্যাংক নোয়াদিয়া শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, নাজমুল মিয়া গ্রামীণ ব্যাংকের কর্মী হিসেবে ১২-১৩ বছর ধরে কাজ করেছেন। তিনি সময়ানুবর্তী ও দায়িত্বশীল ছিলেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের বর্তমান অস্থিরতার সময়ে একজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, আগুনে নাজমুল মিয়ার সারা শরীর পুড়ে গেছে। এ ঘটনায় শিবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।