গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা ও অখণ্ডতা বজায় রাখার ওপর ফের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত চুক্তি টিকফা নিয়ে আলোচনা আবার শুরু করতে রাজি হয়েছে দেশটি। গত বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস তাঁর সরকারের এ মনোভাব তুলে ধরেন। ঢাকার মার্কিন দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক ই-মেইলে বৈঠক সম্পর্কে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে সক্রিয় নাগরিক সমাজ ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপরও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে দীপু মনি ও উইলিয়াম জে বার্নসের এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টার বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, জ্বালানি শক্তি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা সফরের সময় গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন, সেটিরই উল্লেখ করেছেন বার্নস।’ রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর কাছে গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক বর্তমানে সংস্থাটির আইন ও বিধি অনুসারেই পরিচালিত হচ্ছে। এদিকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বার্নস আফগানিস্তান বিষয়ে বাংলাদেশের সমর্থন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে সহযোগিতা ও যোগাযোগ প্রসারে বাংলাদেশের মুখ্য ভূমিকা পালন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিকে স্বাগত জানান। তৈরি পোশাক রপ্তানি সম্পর্কে আলোচনা করতে গিয়ে দীপু মনি মার্কিন বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ব্যাপারে বার্নস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ-সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) দ্রুত সইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ চুক্তির আওতায় মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চ শুল্কহারের বিষয়টি পুনর্বিবেচনা করা সম্ভব হতে পারে।বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আশ্বাস দেন বার্নস। বৈঠকে মার্কিন সরকারের মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে (এমসিএ) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রবার্ট ও’ব্লেক এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ দুই দেশের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা।এদিকে আকরামুল কাদের জানিয়েছেন, টিকফা নিয়ে বাংলাদেশের সঙ্গে আবার আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শ্রমমানের কিছু বিষয়ে কঠোর শর্ত আরোপ করতে চায় বলে এ আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।