গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত কমিটি বাতিল করার আহ্বান জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।গতকাল সোমবার যৌথ এক নাগরিক বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, নোবেল পুরস্কারের ১১০ বছরের ইতিহাসে মোট ২০টি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ওপর তদন্ত কমিশন বসিয়ে সরকার স্বদেশেরই ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে।এতে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে খুবই সফল অলাভজনক প্রতিষ্ঠান গামীণ শক্তি, গ্রামীণ টেলিকম ইত্যাদির ওপর লোলুপ দৃষ্টি পড়েছে আওয়ামী শেয়ারহোল্ডারদের। মেহনতি মানুষের টাকায় গড়া নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক ও গরিবের সোবাধর্মী সফলকাম গ্রামীণ কোম্পানিগুলোকে তারা কুক্ষীগত করার উদ্যোগ নিয়েছে।অবিলম্বে গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত কমিটি বাতিলের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামী রমজানে চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন, ভূমিদস্যুতা, দখলবাণিজ্য গুম-লাশ-মামলাবাজি ছেড়ে জননিরাপত্তা ও মানবমর্যাদা রক্ষায় মনোযোগী হোন।’বিবৃতিতে স্বাক্ষর করেন: প্রবীণ সাংবাদিক সাদেক খান, আতাউস সামাদ, সৈয়দ কামাল উদ্দিন, ভাষাসৈনিক এম রফিকুল ইসলাম, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী আলমগীর কবীর, সাংসদ এম এ গণি, সাবেক রাষ্ট্রদূত এম মনিরুজ্জামান প্রমুখ।