গ্রামীণ ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানের ওপর কমিশন গঠনের বিষয়ে ২২ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল সোমবার পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান আছে, যেগুলোর বেশির ভাগের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই। এগুলো মোটামুটিভাবে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছে। এগুলোর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কী সম্পর্ক, তা খুঁজে বের করার জন্য কমিশন গঠনের চিন্তাভাবনা আছে। গ্রামীণ ব্যাংক শুধু গ্রামীণ জনসাধারণকে ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এসব সহযোগী সংস্থা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং আন্তসম্পর্ক খুঁজে পেতে কষ্ট হয়। ব্যাখ্যায় আরও বলা হয়, রোববার গ্রামীণ ব্যাংক সম্বন্ধে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক যেভাবে পরিচালিত হয়, সেখানে মূল দায়িত্ব থাকে আঞ্চলিক কার্যালয়ের ওপর এবং সেভাবে সে দায়িত্ব প্রতিপালিত হচ্ছে। গত এক বছরে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তারা বেশি ঋণ বিতরণ করেছে, বেশি ঋণ আদায়ও করেছে এবং মুনাফাও করেছে বেশি। গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং হবেও না। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীরা এ বিষয়ে এত দিনে পূর্ণ নিশ্চয়তা পেয়েছেন এবং তাঁরা স্বাভাবিকভাবে তাঁদের কাজ করে যাচ্ছেন।