গ্রামীণ ব্যাংক নিয়ে ৫৭৫ শিক্ষকের উদ্বেগ
গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সুপারিশ করায় বাংলাদেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ৫৭৫ জন শিক্ষক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে সই করেন ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার ও মহাসচিব তাহমিনা আখতার।বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের গ্রামীণ ব্যাংক নিয়ে এসব অপতৎপরতার তীব্র প্রতিবাদ করছি। পত্রিকার খবরে জানতে পারলাম, ব্যাংকে সরকারের মালিকানা ৫১ শতাংশ বা তার বেশি রাখা, পরিচালনা পর্ষদেও সরকারের সংখ্যাগরিষ্ঠতা রাখা, ব্যাংক ১৯ বা ততোধিক ভাগে বিভক্ত করাসহ আরও কিছু সুপারিশ করা হয়েছে। সরকার কর্তৃক গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বিশ্বনন্দিত এ প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে এবং স্বকীয়তা হারাবে। কমিশনের সুপারিশ কোনোমতেই বাস্তবায়নযোগ্য নয়।’বিবৃতিতে আরও বলা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে উঁচু স্থানে নিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে সরকারের ব্যক্তিগত আক্রোশবশত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার চেষ্টা জাতি ভালোভাবে নেবে না। বিবৃতিতে আরও সই করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোর্শেদ হাসান খান, এম ফরিদ আহমেদ, ইয়ারুল কবির, হোসনে আরা বেগম, এ বি এম ওবায়দুল ইসলাম, লুৎফর রহমান, আবুল হাসনাত, মো. হাসানুজ্জামান, গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আ ন ম মুনীর আহমেদ চৌধুরী, আবদুল আজিজ, খলিলুর রহমান, আবদুর রশীদ, সিদ্দিক আহমেদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কে এ এম শাহাদাত হোসেন মণ্ডল, এম এ বারি মিয়া, নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. গোলাম আরিফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কামরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।