গ্রামীণ ব্যাংক পরিদর্শনে চীনের মন্ত্রী
চীনের মিনিস্টার অব দ্য স্টেট কাউন্সিল ফ্যান জিয়াওজিয়ানের নেতৃত্বে ১০ সদস্যের একটি চীনা প্রতিনিধিদল গতকাল সোমবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জয়মণ্ডপে গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল পোভার্টি রিডাকশন সেন্টার ইন চায়নার (আইপিআরসিসি) পক্ষ থেকে এই প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে ২১ আগস্ট বাংলাদেশে আসে। মূলত গ্রামীণ ব্যাংকের সামাজিক ব্যবসা কার্যক্রম সম্পর্কে জানতেই চীনা প্রতিনিধিদলের এ সফর।পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় উন্নয়নের জন্য দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। মুহাম্মদ ইউনূস আইপিআরসিসির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।চীন সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ২০০৪ সালের ডিসেম্বরে গঠিত হয় আইপিআরসিসি। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান ও তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই সংস্থা গঠন করা হয়। ফ্যান জিয়াওজিয়ান সংস্থার দুই হাজার কোটি ডলারের তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন চীনা সংস্থা ইউচেঞ্জের প্রতিষ্ঠাতা ওয়াং পিং। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন গ্রামীণ ট্রাস্ট ইতিমধ্যে চীনের ছয়টি কাউন্টিতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।