গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টানোর সুপারিশকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের
প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মত দিয়েছেন বিবিসি বাংলা সংলাপের বেশির ভাগ আলোচক ও অংশগ্রহণকারী
দর্শক-শ্রোতারা।
গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা সংলাপের ৩২তম পর্বের আলোচক ও
অংশগ্রহণকারীরা এ মত দেন। সংলাপের আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান,
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক
এম শাহিদুজ্জামান ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন।
বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ আয়োজনে এ সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।
সংলাপের প্রথম প্রশ্ন ছিল, গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টানোর যে সুপারিশ করা হয়েছে, তা কি এই প্রতিষ্ঠানের
কল্যাণে, নাকি তা এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের প্রতি প্রতিহিংসার বহিঃপ্রকাশ? এর জবাবে মসিউর রহমান
বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কতগুলো শাখা-প্রশাখা আছে, গ্রামীণ নামে কতগুলো প্রতিষ্ঠান আছে, এ সম্পর্কে কারও
ভালো ধারণা আছে বলে মনে হয় না। কেউ যদি দুই মিনিট সময় নিয়ে এগুলো বলতে পারেন, তবে জবাব
পাবেন। গ্রামীণ ব্যাংকের সর্বপ্রথম মূলধন সরকারের দেওয়া। গ্রামীণ নামে অনেক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা
অজ্ঞাত। এসব জানতে সরকার কমিশন গঠন করেছে, এর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, এমন চিন্তা করা ঠিক হবে
না।’
ড. মসিউর রহমান বলেন, গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এর নোবেল পুরস্কারপ্রাপ্তির সময় সরকারের
বিনিয়োগ ছিল বেশি। মুহাম্মদ ইউনূসের প্রতি অনেকের শ্রদ্ধা আছে, তাঁর সঙ্গে প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলা ঠিক নয়।
সাবেক মন্ত্রী ওসমান ফারুক বলেন, কমিশন গঠন বা কাঠামো পাল্টানো হলো ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
এর পেছনে রয়েছে ব্যক্তিগত কারণ, ইউনূস কেন শান্তি পুরস্কার পাবেন? রাষ্ট্রায়ত্ত প্রতিটি প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে
যাচ্ছে, সেগুলোর দিকে সরকার নজর দিচ্ছে না কেন? সরকারের উচিত, অবিলম্বে এটা বন্ধ করা ও গ্রামীণ
ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া।
এম শাহিদুজ্জামান বলেন, কাঠামো পাল্টানো হলো মুহাম্মদ ইউনূসকে বিব্রত করার সুদূরপ্রসারী উদ্দেশ্য। কয়েক
মাস ধরে গ্রামীণ ব্যাংককে নিয়ে তো কোনো বিতর্ক তৈরি হয়নি। এটা হতে পারে, সামনের তত্ত্বাবধায়ক সরকারের
সময় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। এ জন্য তাঁর চরিত্র হনন করার জন্য এগুলো করা হচ্ছে।
সারা হোসেন বলেন, কাঠামো পরিবর্তনের মাধ্যমে সরকার গ্রামীণ ব্যাংককে গ্রাস করতে চাইছে। দেশে এত
সমস্যা রয়েছে, এগুলো সমাধানের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? সোনালী ব্যাংক নিয়ে কি কোনো কমিশন
গঠিত হয়েছে?
সংলাপে অংশগ্রহণকারী বেশির ভাগ দর্শক-শ্রোতাও মত দেন, মুহাম্মদ ইউনূসের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে
সরকার গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টানোর সুপারিশ করেছে।
সংসদে অশালীন শব্দ ব্যবহারের বিরুদ্ধে আইন করার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে সারা হোসেন
বলেন, ‘সংসদে অশালীন বক্তব্য দেওয়া ঠিক নয়। সংসদে খোদ প্রধানমন্ত্রী আমার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য
করেছেন। এটা দুঃখজনক।’