গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে উদ্যোগই দারিদ্র্যের সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উদ্যোগই যে দারিদ্র্যের সমাধান, গ্রামীণ ব্যাংক বিশ্বকে তা প্রমাণ করে দেখিয়েছে। ফ্রান্সের নিস্ শহরে জি২০ তরুণ উদ্যোক্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসাকে জি২০-এর এজেন্ডায় অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দেন।গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জি২০-ভুক্ত দেশগুলোর অন্তত ৪০০ তরুণ উদ্যোক্তাকে নিয়ে গত সোমবার তরুণ উদ্যোক্তা সম্মেলন শুরু হয়। গতকাল শেষ দিনে বক্তব্য দেন বাংলাদেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ। ড. ইউনূস বলেন, ‘আমি নিজেও একজন উদ্যোক্তা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি। পরে বিভিন্ন ব্যবসার উদ্যোগ নিই। সব ব্যবসাই সামাজিক উদ্দেশ্য পূরণের স্বার্থে।’ অধ্যাপক ইউনূস গ্রামীণ নার্সিং কলেজ, গ্রামীণ আই কেয়ার হাসপাতাল ও গ্রামীণ শক্তি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে, উদ্যোগই দারিদ্র্যের সমাধান।’ বাংলাদেশে ক্ষুদ্রঋণের এই অগ্রদূত মনে করেন, ভবিষ্যতের জন্য তরুণ উদ্যোক্তারাই সবচেয়ে কার্যকর। তাঁর মতে, জি২০-এর তরুণ উদ্যোক্তাদের সম্মেলন অসাধারণ এক উদ্যোগ। এখানে উপস্থিত ৪০০ উদ্যোক্তা তাঁদের সৃজনশীলতা, নেতৃত্ব ও অঙ্গীকার দিয়ে এই বিশ্বকে বদলে দিতে পারেন।ড. ইউনূস বলেন, ‘জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) অ্যাডভোকেসি গ্রুপের সদস্য আমি। আমি মনে করি, এমডিজির লক্ষ্য অর্জনের প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এমন তরুণদের হাতে তুলে দিতে হবে, যদি তাঁরা সামাজিক মূল্যবোধের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে সামাজিক ব্যবসা একটি সমাধান হতে পারে।’সামাজিক ব্যবসাকে জি২০-এর এজেন্ডায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন ড. ইউনূস। একই সঙ্গে এর সদস্যসংখ্যা বাড়িয়ে জি২৫ করার প্রস্তাব দেন। সদস্য বাড়ানোর ক্ষেত্রে প্রতিটি মহাদেশ থেকে প্রতিনিধিত্ব থাকতে পারে বলে মত দেন তিনি।