গ্রামীণ ব্যাংক বাঁচানোর দাবিতে ত্রিশালে মানববন্ধন
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহামঞ্চদ ইউনূসের গ্রামীণ ব্যাংক বাঁচাতে গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ ও বেসরকারি সংস্থা সোশ্যাল ইকোনমিক ভলান্টারি অ্যাসোসিয়েশনের (শেভা) যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শেভার প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এ এস জহিরুল ইসলামসহ আরও অনেকে বক্তৃতা করেন। এ সময় বক্তারা সরকারের রোষানল থেকে গ্রামীণ ব্যাংককে বাঁচানোর দাবি জানান। পরে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শেভার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংস্থার অর্থসচিব মিজানুর রহমান, সংস্থার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানজিদা আক্তার, অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।