কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক বিল ২০১৩ গতকাল রোববার সংসদে উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত আইনে অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর কথা বলা হয়েছে।
গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ৩ অক্টোবর মন্ত্রিসভা বিলটি অনুমোদন করে। আইনটি পাস হলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বাতিল বা রহিত হবে।
বিলে অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশীদার ২৫ শতাংশ বহাল রাখা হয়েছে। বাকি ৭৫ শতাংশ থাকছে গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাছে। সরকার সময় সময় পরিশোধিত শেয়ার মূলধন বাড়াতে পারবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। ব্যাংকের পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। ব্যাংকের পরিচালনা বোর্ডে সরকারের নিয়োগ করা তিনজন এবং ঋণ গ্রহীতা অংশীদারদের দ্বারা নির্বাচিত নয় ব্যক্তির পরিচালক হওয়ার বিধান রাখা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এই বোর্ডের পরিচালক হলেও তাঁর ভোটাধিকার থাকবে না।
বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংক কেবল সরকারকে আর্থিক প্রতিবেদন দেয়। বিলটি আইনে পরিণত হলে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আর্থিক প্রতিবেদন দিতে হবে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিলে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিতে হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে বসবাসরত ব্যাপক জনগোষ্ঠীর কাছে গ্রামীণ ব্যাংকের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, ব্যাংকে সরকার ও সরকার-নিয়ন্ত্রিত সংস্থার মালিকানা বহাল রেখে ঋণগ্রহীতা সদস্যদের শেয়ার মালিকানা অর্জনের সুযোগ বাড়ানোর জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে।
এ ছাড়া গতকাল সংসদে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল-২০১৩, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল ২০১৩ ও এশিয়ান রিইনস্যুরেন্স করপোরেশন বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। উত্থাপনের পর বিলগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল সংসদে উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বিলে বলা হয়েছে আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিপ্রধান এলাকা ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে ইট তৈরির জন্য মাটি কাটলে অথবা অনুমোদন ছাড়া নদ-নদী বা হাওর, চরাঞ্চল এলাকা থেকে মাটি কাটলে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কেউ অনুমোদন না নিয়ে ইটভাটা খুললে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পার্বত্য জেলার পরিবেশ উন্নয়ন কমিটি কর্তৃক নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না।
ভৌগোলিক নির্দেশক পণ্য বিল উত্থাপন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে উৎকৃষ্ট মানের চাল, পদ্মার ইলিশ, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, চা, চামড়া, জামদানি ও নকশিকাঁথা ইত্যাদি তৈরি হয়। এই আইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় উৎপন্ন এসব পণ্যকে চিহ্নিত ও নিবন্ধিত করা যাবে।
সব শেষে সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।