গ্রামীণ ব্যাংক ভাঙার সুপারিশ প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো সম্পর্কে সরকার গঠিত কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করেছেন পরিচালনা পর্ষদের নির্বাচিত নারী সদস্যরা। তাঁরা এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন।

নারী সদস্যরা বলেছেন, ৮৪ লাখ নারীর এই সম্পদ জোর করে কেড়ে নিতে চাইলে তা মেনে নেবেন না তাঁরা। প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ঢাকায় সমবেত হবেন গ্রামীণ ব্যাংকের লাখ লাখ সদস্য।

গত সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যরা। তাঁদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পর্ষদ সদস্য তাহসিনা খাতুন।

সংবাদ সম্মেলনে পর্ষদের নির্বাচিত নয়জন নারী সদস্যই উপস্থিত ছিলেন। অঞ্চলভিত্তিক অন্য সদস্যরা হলেন চট্টগ্রামের সাজেদা বেগম, কুমিল্লার রেহানা আক্তার, সিলেটের সুলতানা, গাজীপুরের ছালেহা খাতুন, দিনাজপুরের পারুল বেগম, বগুড়ার মেরিনা, যশোরের সাহিদা বেগম ও পটুয়াখালীর মোমেলা বেগম। এ ছাড়া সাবেক সদস্য রোজিনা বেগম ও নাসিমা বেগম উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো সম্পর্কে লিখিত বক্তব্যে তাহসিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশের মালিকের প্রতিনিধি হওয়া সত্ত্বেও গ্রামীণ ব্যাংক কমিশন আমাদের মতামত নেওয়ার প্রয়োজনবোধ করেনি। সম্ভবত আমরা দরিদ্র ও মহিলা বলেই।

কমিশনের প্রস্তাবগুলো স্বার্থবিরোধী উল্লেখ করে লিখিতে বক্তব্যে বলা হয়, গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা বাড়ানো, নিয়ন্ত্রণ বাড়ানো হবে ব্যাংকটি জবরদখলের শামিল। এই প্রস্তাবে নির্বাচিত পর্ষদ সদস্যরা কখনো সম্মতি দেবেন না বলে লিখিত বক্তব্যে বলা হয়। তাঁরা জানান, সরকারি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর তাঁদের জানা আছে।

সরকারের উদ্দেশে তাহসিনা খাতুন বলেন, ‘আপনারা মনে হয় জানেন না, গ্রামীণ ব্যাংক বালাদেশের গরিব নারীদের জাগিয়ে দিয়েছে। আমরা গরিব নারীরা এখন জেগে উঠেছি। বাংলাদেশের জেগে ওঠা নারীদের ক্ষমতা আপনারা এখনো দেখেননি। আমাদের সম্পদ ছিনিয়ে নিতে চাইলে আমাদের ক্ষমতা দেখবেন।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় চলে না। পরিশোধিত মূলধনের ৩ শতাংশ ছাড়া এই ব্যাংকে সরকারের কোনো টাকা নেই। কোনো দাতা সংস্থার টাকাও নেই এই ব্যাংকে। এই অবস্থায় ব্যাংকটিকে সরকারি মালিকানায় নেওয়ার মানে দরিদ্র নারীদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা লুটেপুটে খাওয়া।

এক প্রশ্নের জবাবে সাবেক পর্ষদ সদস্য রোজিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইউনূস আইন অনুযায়ী আর ব্যাংকের এমডি হতে পারবেন না। তবে তিনি ব্যাংকের চেয়ারম্যান হতে পারেন।

আরেক প্রশ্নের জবাবে তাহসিনা খাতুন বলেন, ‘গ্রামীণ ব্যাংক সরকারি সম্পত্তি নয়, আবার কারও পৈতৃক সম্পতিও নয়। এটা আমাদের সম্পত্তি। মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংককে সফলভাবে গড়ে তুলেছেন বলেই আমরা ছেলেমেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে রয়েছি।’