গ্রামীণ ব্যাংক ‘সরকারীকরণের’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক ‘সরকারীকরণের’ প্রতিবাদে ৮ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম।গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রামের সদস্য আবুল মোমেন। বক্তব্য দেন নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক-ই আজম বীর প্রতীক, মাহফুজুল হক চৌধুরী, কিউ এম ওয়াহিদুল আলম, সাখাওয়াত হোসেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সরকারীকরণের অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে গ্রামীণ ব্যাংক তার স্বকীয় বৈশিষ্ট্য হারাবে এবং ব্যাংকের ৮৪ লাখ গ্রাহকের অধিকার ক্ষুণ্ন হবে। এতে নারীর ক্ষমতায়ন ব্যাহত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ক্ষুণ্ন হবে।’সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘গ্রামীণ ব্যাংককে সরকারীকরণের অপচেষ্টা শুরু হয় ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। অথচ তাঁর জায়গায় পরিচালনা বোর্ড প্রস্তাবিত নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের অনুসন্ধান কমিটি বর্তমান চেয়ারম্যান কর্তৃক তিনবার প্রত্যাখ্যাত হয়। বিদ্যমান আইনে চেয়ারম্যানের কোনো ভেটো ক্ষমতা নেই। শেষ পর্যন্ত মালিক-সদস্যদের বাগে আনতে ব্যর্থ হয়ে সরকার তাদের ক্ষমতা কেড়ে নিয়ে চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়ার জন্য আইন সংশোধন করেছে। এই ন্যক্কারজনক পদক্ষেপ গ্রামীণ ব্যাংকে সরকারি নিয়ন্ত্রণ পাকাপোক্ত করবে।’সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘আমরা আশঙ্কা করছি, সরকার গ্রামীণ ব্যাংকের সুদ কমিয়ে দিয়ে ভোটের রাজনীতি করতে পারে।’