গ্রামীণ ব্যাংককে অখণ্ড ও কার্যকর রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে অখণ্ড ও কার্যকর রাখার দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে গতকাল শনিবার ‘গ্রামীণ ব্যাংক ধ্বংসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা’য় বক্তারা এসব দাবি জানান। বাংলাদেশ প্রজন্ম একাডেমি, গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র এ সভার আয়োজন করে।আয়োজকেরা আগামী ২ জুলাই থেকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের প্রতিবাদে সবাইকে কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ বলেন, বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে উদ্দেশ করে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এ ব্যাংকের সুনাম দেশের পাশাপাশি সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, গ্রামীণ ব্যাংক ভাঙার দরকার কী? আপনারা এর চেয়ে কার্যকরী অন্য আরেকটি প্রতিষ্ঠান গড়ে দেখান।সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্যান্য সরকারি ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকে লুটপাট করার উদ্দেশ্যে এ ব্যাংক ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক ও কলাম লেখক সাদেক খান বলেন, যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ত্রুটি নেই, সেটিকে ব্যবস্থাপনা পরিবর্তনের নামে ভাঙার কোনো যৌক্তিকতা নেই। সভায় আরও বক্তব্য দেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, সম্মিলিত গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মিজানুর রহমান।