গ্রামীণ ব্যাংককে কার্যকরভাবে টিকিয়ে রাখার উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের হয়েও সারা বিশ্বের, সমকালের হয়েও সর্বকালের। বড়লোকেরা ব্যাংকের টাকা মেরে খায়, শেয়ারবাজার থেকে টাকা মেরে দেয়। কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রায় ৯৯ শতাংশ ঋণই ফেরত আসে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক এক আলোচনা সভায় আকবর আলি খান এসব কথা বলেন। নোবেলজয়ী ইউনূস সুহূদ-চট্টগ্রাম এ সভার আয়োজন করে। আকবর আলি খান গ্রামীণ ব্যাংককে কার্যকরভাবে টিকিয়ে রাখার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।সভায় বক্তারা বলেন, এ দেশে যেভাবে ড. ইউনূসকে অসম্মান করা হচ্ছে, পৃথিবীর কোথাও এভাবে গুণীদের অসম্মান করা হয় না। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, অর্থনীতিবিদ মইনুল ইসলাম, প্রকৌশলী সুলতান মাহমুদ, কবি সাংবাদিক আবুল মোমেন বক্তৃতা করেন। আকবর আলি খান বলেন, ‘ইউনূস ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আনার কাজ করেছেন। নোবেলের ক্ষেত্রে এটাই প্রধান বিবেচনায় ছিল। অথচ তাঁকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে।’ গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের ভার এর ৮৩ লাখ গ্রাহকের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘শুধু বয়সের কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে। অথচ সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে কর্মকর্তাদের বয়সের সীমারেখা নেই।’আকবর আলি খান পত্রিকার কাটিং তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ওয়াশিংটনে এক বক্তৃতায় গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের প্রশংসা করেছিলেন। ২০১১ সালে তিনি তাঁর সমালোচনা করছেন। অথচ এত দিনে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস আরও উজ্জ্বল হয়েছে।’আকবর আলি খান বলেন, ‘ড. ইউনূস বলেন, “দারিদ্র্য জাদুঘরে যাবে”। আমি এটা বিশ্বাস করি না। কিন্তু তাঁর কৃতিত্ব কেন আমরা স্বীকার করব না। শুধু হাসিনার দল নয়, অন্য দলগুলোও ইউনূসের সমালোচনা করে থাকে।’ তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার কম হলে তা টাউট-বাটপারেরা লুটেপুটে খাবে।আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, ড. ইউনূসের তত্ত্ব ও কর্মপরিধি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কখনো কাম্য নয়। নোবেলপ্রাপ্তিই তাঁর জন্য কাল হয়েছে। সিকান্দর খান বলেন, ‘বিশ্বের কোনো দেশে তার গুণী সন্তানদের এভাবে অপমান করার নজির নেই। আমাদের সন্তানেরা বিশ্বের বিভিন্ন দেশে ইউনূসের দেশের মানুষ হিসেবে পরিচয় দিয়ে আলাদা কদর পাচ্ছে।’মইনুল ইসলাম বলেন, ‘বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো রেটিং করা হয়, তাদের বিশ্ববিদ্যালয়ে কতজন নোবেলজয়ী আছেন। অথচ আমরা আমাদের নোবেলজয়ীকে অপমান করছি। নোবেলজয়ীরা কখনো অবসর গ্রহণ করেন না।’ সুলতান মাহমুদ বলেন, ‘ড. ইউনূসের পরিচয়ে বাংলাদেশ গর্বিত। অথচ তাঁকে আমরা টেনে নিচে নামিয়ে ফেলছি। তাঁর সুনাম কাজে লাগিয়ে আমরা ওপরে উঠতে পারতাম।’আবুল মোমেন বলেন, মৌলবাদীরাও এনজিওর সমালোচনায় মুখর। এখন সেখানে আওয়ামী লীগও যুক্ত হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ইউনূস বড় একটা মাইলফলক। তিনি বড় ধরনের কূটনীতিক। আমরা তাঁকে কাজে লাগাতে পারতাম।’