গ্রামীণ ব্যাংককে টুকরো হতে দেওয়া হবে না: ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের মানুষের এত বিরোধিতা সত্ত্বেও গ্রামীণ ব্যাংক কমিশন থামেনি। তারা সরকারকে গ্রামীণ ব্যাংককে ভেঙে টুকরো টুকরো করার সুপারিশ করেছেন। কিন্তু আমরা তা হতে দেব না।’ আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গণসংবর্ধনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘এই নির্বাচন কমিশন নিয়েই এখন যত সমস্যা চলছে। জাতীয় নির্বাচন কমিশন নিয়েই ঠেলা সামলানো যাচ্ছে না। আর গ্রামীণ ব্যাংকের জন্য আরেকটি নির্বাচন কমিশন হবে, তারা সারা বছর গ্রামীণ ব্যাংকে শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে, এটা কেমন কথা!’ এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মতো এমন একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে কার এত আক্রোশ?’ 

‘গ্রামীণ ব্যাংক নিয়ে দেশে-বিদেশে আমরা গর্ব করি’—এই মন্তব্য করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রতিষ্ঠানটির ওপর এত আক্রমণ কেন? যে দল বা ব্যক্তির আক্রোশই থাকুক না কেন, দেশের মানুষ তাদের মতামত দিয়ে গরিব মানুষের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গ্রামীণ ব্যাংক‘বাংলার মুকুট’

গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও প্রাক্তন সৈনিক সংস্থার চেয়ারম্যান এম এম মেহবুব রহমান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি মানপত্র পড়ে শোনান। তিনি গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতাকে ‘বাংলার মুকুট’ নামে ভূষিত করে বলেন, ‘অধ্যাপক ইউনূস বিশ্বজুড়ে বাংলাদেশের মানুষের সম্মান অনেক দূর বাড়িয়েছেন। ফলে তিনি বাংলার মানুষের কাছে মুকুটের আসনে রয়েছেন।’

সংবর্ধনা উদযাপন কমিটির সদস্যসচিব সৈয়দ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন, আইনজীবী রফিক-উল হক, প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা মনজুর কাদের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক সাদেক খান, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, নাজিমউদ্দিন আলম, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষ হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস মিলনায়তন থেকে বের হওয়ার সময় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের সমর্থকেরা স্ল্লোগান দিতে থাকেন। তাঁরা বলতে থাকেন ‘গ্রামীণ ব্যাংকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’ ‘ড. মুহাম্মদ ইউনূস তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।’ ‘হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ইউনূসকে শুভেচ্ছা।’

অনুষ্ঠান শুরু হওয়ার পর অধ্যাপক ইউনুসকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।