গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে কার এত আক্রোশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল গণসংবর্ধনা অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের হাতে মানপত্র তুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল গণসংবর্ধনা অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের হাতে মানপত্র তুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের মানুষের এত বিরোধিতা সত্ত্বেও গ্রামীণ ব্যাংক কমিশন থামেনি। কমিশন সরকারকে গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরা টুকরা করার সুপারিশ করেছে। কিন্তু আমরা তা হতে দেব না।’
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া উপলক্ষে গণসংবর্ধনা কমিটি এর আয়োজন করে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের বোর্ড সদস্য নির্বাচনের ক্ষেত্রে আগের ব্যবস্থার বদলে নির্বাচন কমিশনের মাধ্যমে সদস্য নিয়োগের সুপারিশ করেছে কমিশন। প্রতিবছর ব্যাংকের বোর্ড সদস্য নির্বাচনের ক্ষেত্রে একজন জ্যেষ্ঠ জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি আরও লোক নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে বোর্ড সদস্য নির্বাচন করবেন।
অধ্যাপক ইউনূস বলেন, এই নির্বাচন কমিশন নিয়েই এখন যত সমস্যা চলছে। জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ঠেলা সামলাতে পারছে না। আর সরকার গ্রামীণ ব্যাংকের জন্য আরেকটি নির্বাচন কমিশন করবে, তারা সারা বছর গ্রামীণ ব্যাংকে শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে। এটা কেমন কথা। তিনি প্রশ্ন রাখেন, গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে কার এত আক্রোশ? যে দল বা ব্যক্তির আক্রোশই থাকুক না কেন, দেশের মানুষ তাদের মমতা দিয়ে গরিব মানুষের মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংবর্ধনা কমিটির পক্ষে মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি মানপত্র পড়ে শোনানো হয়। এতে গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতাকে ‘বাংলার মুকুট’ উপাধিতে ভূষিত করা হয়। মানপত্র পড়ে শোনান কমিটির আহ্বায়ক ও প্রাক্তন সৈনিক সংস্থার চেয়ারম্যান এম এম মেহবুব রহমান।
সংবর্ধনা উদ্যাপন কমিটির সদস্যসচিব সৈয়দ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন, আইনজীবী রফিক-উল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা মনজুর কাদের, সাংবাদিক সাদেক খান, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও নাজিমউদ্দিন আলম, আইনজীবী সানাউল্লাহ মিঞা প্রমুখ। অনুষ্ঠানে ড. ইউনূসের দুই ভাই অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম ও মুহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মুহাম্মদ ইউনূস মিলনায়তন থেকে বের হওয়ার সময় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের সমর্থকেরা স্লোগান দেন। তাঁরা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ড. মুহাম্মদ ইউনূস তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।
অনুষ্ঠান শুরু হওয়ার পর অধ্যাপক ইউনূসকে স্বাধীনতা ফোরাম, প্রজন্ম একাডেমি, গোলাপ কুঁড়িসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একপর্যায়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।