গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় লোকজন দেশের অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না। এ কারণে সরকারি বড় ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। একই পরিণতির জন্য গ্রামীণ ব্যাংককে সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন, সরকারই এ ব্যাংকটি ধ্বংস করতে চায়। গ্রামীণ ব্যাংক রক্ষায় দল-মতনির্বিশেষে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অন্য সব ব্যাংককে ফুটো করে খালি করে ফেলেছে। এখন গ্রামীণ ব্যাংককে দখল করে ওটাকেও ওই ব্যাংকগুলোর কাতারে নামাতে চাচ্ছে। ড. ইউনূসের আয়করসংক্রান্ত তথ্য প্রচার করাকে ইতিবাচক বর্ণনা করে তিনি বলেন, ‘সব নাগরিকের আয়কর রিটার্ন সবার জানা উচিত। এতে আমরা জানতে পারব, প্রধানমন্ত্রীপুত্রের কয়টা বাড়ি আছে, আর আমাদের অর্থমন্ত্রী কত টাকা এখান থেকে ওখানে নিয়েছেন।’
সভায় বক্তব্য দিতে গিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্রঋণবিষয়ক সম্মেলনে অধ্যাপক ইউনূসকে দেশের কৃতী মানব হিসেবে চিহ্নিত করে বক্তৃতা করেছিলেন। সেই আওয়ামী লীগ সরকারই এখন ইউনূসকে হেনস্তা করতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে দেশে যত বেশি হেনস্তা করা হবে, বিদেশে তিনি তত বেশি সম্মানিত হবেন।
আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি অন্য ব্যাংকগুলোতে প্রভাবশালীরা ঋণ নিয়ে ফেরত দেয় না। ছাত্রলীগ-যুবলীগ বা ছাত্রদল-যুবদলের সুপারিশ ছাড়া চাকরি হয় না। সরকার গ্রামীণ ব্যাংককে এমন এক প্রতিষ্ঠানে পরিণত করতে চাচ্ছে।
সাবেক রাষ্ট্রদূত এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ চৌধুরী, গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী সদরুল হক মৃধা, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. নাসিরউদ্দিন প্রমুখ।