গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্যই সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
রিজভী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসেবেই গ্রামীণ ব্যাংক-২০১৩ আইন প্রণয়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘চাতুরীর আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী’: বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়াকে ‘খুনি ও মিথ্যাবাদী’ উল্লেখ করে গত বুধবার ঈশ্বরদীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তাঁর এ বক্তব্য অগণতান্ত্রিক, দেশের একক কর্তৃত্বাধীন মনোবৈকল্যগ্রস্ত নেতাদের বক্তব্যের সমতুল্য। তিনি অভিযোগ করেন, ‘নিজেদের সীমাহীন ব্যর্থতা ও দুঃশাসনকে আড়াল করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের ঢাক-বাদ্য বাজিয়ে নোংরা চাতুরীর আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী।’
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন ও তাঁর নিজ দলের সিনিয়র নেতারাও অভিযোগ করেছেন, নিজ হাতে প্রধানমন্ত্রী দুর্নীতির টাকা গ্রহণ করেন। নিজের চাঁদাবাজি, দুর্নীতির কালিমা ঢাকতে রাষ্ট্রক্ষমতার সব শক্তি ব্যয় করছেন। বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য ঈর্ষাপরায়ণ ও কলহপ্রিয় নারীর অন্ধ হিংসা চরিতার্থ করারই নামান্তর।’
প্রধানমন্ত্রী নিষ্ঠুর প্রতিহিংসাপরায়ণ এবং আলটপকা কথাবার্তায় পারদর্শী মন্তব্য করে রিজভী বলেন, এমন অবিশ্বাস্য কুৎসা রটানোর মাধ্যমে তিনি দেশের নিরাপত্তা ও গণতন্ত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন।”