গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগে বাছাই কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে বাছাই কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছেন পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য। বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, পর্ষদের সদস্য ও বাইরে থেকে নেওয়া ব্যক্তিদের সমন্বয়ে এ বাছাই কমিটি গঠনের চেষ্টা চলছে।অধ্যাপক ইউনূসের পর কে হচ্ছেন গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক, তা নিয়ে লাখ লাখ ঋণগ্রহীতার পাশাপাশি দেশে-বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেছেন, পর্ষদের সভায় সেই বাছাই কমিটিতে অধ্যাপক ইউনূস ও ড. আকবর আলি খানের নাম প্রস্তাব করা হয়েছে। এই বাছাই কমিটি হলে তারা ব্যবস্থাপনা পরিচালকের পদ চূড়ান্ত করবে।মোজাম্মেল হক বলেন, ‘বিভিন্ন প্রক্রিয়ায় তারা বাছাই করে কয়েকটি নামের চূড়ান্ত তালিকা পর্ষদের কাছে নিয়ে আসবে। পর্ষদ ওখান থেকে একজনের নাম এমডি নিয়োগের জন্য পাঠাবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে বোর্ড এমডি নিয়োগ দেবে।’ মোজাম্মেল হক বলেন, ‘সিলেকশন কমিটি প্রথম সভায় এটা ঠিক করবে। গতবার যখন ইউনূসকে নিয়োগ দেওয়া হয়, তখন বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কি না, খোঁজ নিতে হবে।’বর্তমান ভারপ্রাপ্ত এমডি নূরজাহান বেগম ১৪ আগস্ট থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। গতকালই মোহাম্মদ শাহজাহানকে পদোন্নতি দেওয়া হয়েছে।