গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা টিকিয়ে রাখতে বাংলাদেশ প্রচেষ্টা চালাবে
গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকার নিশ্চিত করবে যে এর অধিভুক্ত কোম্পানিগুলোর যেকোনো পর্যালোচনা নিরপেক্ষ ও স্বচ্ছ হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে হিলারি ক্লিনটন এ আশা প্রকাশ করেন। হিলারির চিঠিটি গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিলারি ক্লিনটনের সফল বাংলাদেশ সফরে করা আলোচনার বিষয়াদি নিয়ে কথা বলতে মজীনা গতকাল দীপু মনির সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা অংশীদারি সংলাপের পরবর্তী ধাপ, বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) এবং মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তাঁরা বাংলাদেশে শ্রম অধিকার-সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতি ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাতের ভবিষ্যতে এর গুরুত্ব পর্যালোচনা করেন।প্রধানমন্ত্রীকে লেখা হিলারির চিঠির বিষয়বস্তু সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিলারি তাঁর সফরকালে বাংলাদেশ সরকার ও জনগণের দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংক এবং এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৮০ লাখের বেশি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জীবনে যে প্রত্যাশার জন্ম দিয়েছে, সে সম্পর্কে তাঁর উচ্চ ধারণার কথা জানান। চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর উন্নয়ন হাতিয়ার হিসেবে সৃজনশীল সুশাসন এবং মালিকানা কাঠামোসহ ব্যাংকটির অখণ্ডতা টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালাবে।প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করতে গত মাসে সরকার একটি কমিশন গঠন করেছে। এ কমিশন প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ করবে। কমিশন আগামী তিন মাসের মধ্যে সরকারের কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০ সাল পর্যন্ত এর প্রাতিষ্ঠানিক শক্তি, দুর্বলতা এবং প্রতিবন্ধকতা চিহ্নিত করবে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকে সুশাসন নিশ্চিত করা বিশেষ করে, ব্যবস্থাপনাগত জবাবদিহি এবং পরিচালনগত স্বচ্ছতা বিষয়ে উপায় বের করার সুপারিশ করবে কমিশন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এযাবৎ যেসব প্রতিষ্ঠান, কোম্পানি ও এন্টারপ্রাইজ গঠিত হয়েছে সেগুলোর উদ্দেশ্য, আইনি প্রক্রিয়া এবং পরিচালনা বিষয়েও পর্যালোচনা করবে।চিঠিতে হিলারি বলেন, সরকার নিশ্চিত করবে, এর অধিভুক্ত কোম্পানিগুলোর যেকোনো পর্যালোচনা হবে নিরপেক্ষ ও স্বচ্ছ।চিঠিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ চুক্তির পরবর্তী ধাপ হিসেবে ওয়াশিংটন ডিসিতে এ-সংক্রান্ত প্রথম সংলাপ অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনের শেষ ভাগে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। একপর্যায়ে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে বাধ্য হন। ২০১১ সালের ১১ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করে সরকার। এসব বিষয় নিয়ে মার্কিন সরকার বরাবরই উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা সফরে এসেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংকের প্রতি তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন।